রাস্তায় গাছ পড়ে আছে দেড় মাস ধরে, দুর্ভোগ

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের সাহাপাড়া এলাকায় যাতায়াতের রাস্তার ওপর ঝড়ে উপড়ে দেড় মাস ধরে একটি গাছ পড়ে আছে। দুই ব্যক্তি গাছটির মালিকানা দাবি করায় সেটি সরানো হচ্ছে না। এর ফলে দেড় মাস ধরে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন।
এ বিষয়ে পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘দুজন গাছটির মালিকানা দাবি করছেন। সংশ্লিষ্ট কাউন্সিলরের মাধ্যমে তাঁদের ডাকা হয়েছে। বসে আলোচনা করে দ্রুত গাছ কাটার সিদ্ধান্ত দেওয়া হবে।’
এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর শহরের গড়কান্দা ৩ নম্বর ওয়ার্ড থেকে তারাগঞ্জ মধ্য বাজারে দ্রুত যাতায়াতের বিকল্প সড়কটির সাহাপাড়া এলাকায় গত ৩০ এপ্রিল ঝড়ে একটি বড় আকারের গামারিগাছ উপড়ে পরে। সাহাপাড়া এলাকার মোকলেছুর রহমান সরকার ও তাঁর প্রতিবেশী চন্দন সাহা গাছটির মালিকানা দাবি করায় এটি কাটা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এলাকাবাসী ও গাছের মালিকানা দাবিদার দুই পক্ষ বিষয়টির সমাধান চেয়ে পৌর কর্তৃপক্ষের কাছে মৌখিক অভিযোগ করেছে। এরপরও গাছটি সরানো হচ্ছে না। এর ফলে দেড় মাস ধরে এ পথে চলাচলকারী লোকজন গাছটির নিচ দিয়ে মাথা নিচু করে যাতায়াত করছে।
সাহাপাড়া এলাকার মানিক কুমার সাহা বলেন, সড়কের ওপর গাছ পড়ে থাকায় চলাচলে মানুষ কষ্ট করছে। বিষয়টিতে পৌর কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি।
সেঁজুতি বিদ্যানিকেতনের অধ্যক্ষ মুনীরুজ্জামান বলেন, গাছটি না সরানোর ফলে এ গলি দিয়ে চলাচলকারী এলাকাবাসী প্রতিনিয়ত দুর্ভোগে পড়ে। দ্রুত গাছটি সরালে এলাকাবাসীর যাতায়াতে সুবিধা হবে।
গাছটির মালিক দাবিদার চন্দন সাহার স্ত্রী তাপসী রানী সাহা বলেন, ‘গাছটি আমাদের জমির ওপর। এটি কাটতে গেলে প্রতিবেশী মোকলেছুর রহমান মালিকানা দাবি করেন। তাই ঝগড়াঝাঁটির ভয়ে গাছটি কাটতে পারছি না। বিষয়টি পৌরসভার মেয়রকে জানানো হয়েছে।’
অপর মালিক দাবিদার মোকলেছুর রহমান সরকার বলেন, ‘জায়গার মাপ দেওয়া হোক, এতেই প্রমাণ হবে গাছটি কার। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মানুষের চলাচলে সমস্যার কারণে গাছটি কাটতে শ্রমিক খোঁজা হচ্ছে।’