রাস্তায় গাড়ি কম, ভুগেছে যাত্রীরা
মুমু হাসান গতকাল সকাল পৌনে নয়টা থেকে মোহাম্মদপুরের বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। রামপুরায় অফিস বলে বেশ আগেই বের হন। সাড়ে নয়টা পর্যন্ত তিনটি বাস পেলেও ভিড়ের কারণে উঠতে পারেননি। অপেক্ষা করছেন পরের বাসের। গত কয়েক দিনের বাস-সংকটে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হন। সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েন নারী যাত্রীরা।
১৬ এপ্রিল থেকে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধে বিআরটিএ অভিযান শুরু করে। এতে পরিবহন মালিক সমিতিও অংশ নেয়। তবে মালিকেরা তাঁদের বাস রাস্তায় কম নামানোয় পরিবহন-সংকট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। গতকাল চতুর্থ দিনে আগের তিন দিনের চেয়ে তুলনামূলক বেশি গাড়ি চলাচল করেছে। তবে গাড়িগুলো আগের নিয়মেই ভাড়া আদায় করেছে। পর্যাপ্ত বাস না থাকায় সকালে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিসগামী এবং বিকেলে অফিস শেষ করে বাড়ি ফিরতে গিয়ে ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ।
তবে দুপুর ১২টার পর থেকে অনেকেই সড়কে বাস নামানো শুরু করেন। মোহাম্মদপুরে কয়েকজন চালক বলেন, সব আগের মতো হয়ে যাবে, তাই আস্তে আস্তে বাস নামানো শুরু করেছেন সবাই। মেশকাত পরিবহনের চালকের সহকারী নাজমুল বলেন, ‘কী আর হইব? একটু তামাশা দেখল পাবলিক। আইজ-কাইলের মধ্যেই সব ঠিক হয়ে যাইব। সিটিং বন্ধ কইরা দেখল না মজাটা!’
মোহাম্মদপুর, কলেজগেট ও ধানমন্ডি ঘুরে দেখা যায়, অফিসের সময়টায় যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে। বাস ধরার ‘যুদ্ধে’ অনেকেই হাতে সময় নিয়ে বের হচ্ছে। আবু তাহের কলেজগেটে অপেক্ষা করছিলেন মহাখালীগামী বাসের জন্য। তিনি বললেন, ‘সিটিংকে বৈধতা দিতে এই নাটক করল পরিবহন মালিকেরা। নিজেরাই সিটিং-গেটলক বন্ধ করল, আবার নিজেরাই রাস্তায় গাড়ি কমায় দিল।’ তিনি ক্ষোভের সঙ্গে বলেন, সেতুমন্ত্রী যদি এদের কাছে অসহায় হয়ে যান, জনগণ কার কাছে যাবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, গাড়ির সঙ্গে যাঁরা জড়িত তাঁদের অনেকেই খুব প্রভাবশালী।
স্কুলশিক্ষক শাকিলা জামান সিটিং সার্ভিস বন্ধের পর দুই দিন সিএনজিচালিত অটোরিকশায় কাকরাইল গিয়েছেন। কিন্তু খরচের কথা চিন্তা করে কষ্ট হলেও এখন বাসেই উঠছেন। তিনি বলেন, ‘আমরা মেয়েরা তো উঠতে-বসতে হেনস্তার শিকার হই। লোকাল হওয়ার পর টিটকারি মারে বাসের লোকজন এখন। আর নামেই শুনছি মহিলা বাস, কোনো দিন চোখে দেখিনি। মেয়েদের জন্য নাকি সরকার কত কিছু করে। তাহলে এই বাস চলে কোন রাস্তা দিয়ে?’
প্রতিটি বাসের ভেতরে ভাড়ার তালিকা টাঙানোর নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ফলে কোনটা লোকাল ভাড়া, আর কোনটা সিটিং ভাড়া; তা বুঝতে পারছেন না যাত্রীরা। যা চাওয়া হচ্ছে তা-ই দিতে বাধ্য হচ্ছেন। সিটিং সার্ভিস বন্ধ ঘোষণা, অভিযান ও বাস কম চলা নিয়ে যাত্রীরা বলছেন, এটা পরিবহনমালিকদের ইচ্ছেমতো ভাড়া আদায়কে বৈধ করে নেওয়ার কৌশল। তাঁদের বিরুদ্ধে কঠোর না হয়ে সরকারও এতে সায় দেবে বলে যাত্রীরা আশঙ্কা করছেন।
বেলা দুইটায় মিরপুর ১০ নম্বর থেকে বিকল্প অটো সার্ভিস গাড়িতে করে শাহবাগ এসে নামেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মং লাটিন। তিনি প্রথম আলোকে বলেন, মিরপুর ১০ থেকে শাহবাগ এসেছেন ২০ টাকা ভাড়া দিয়ে। ছাত্র হিসেবে অর্ধেক ভাড়া দেওয়ার কথা থাকলেও বাস কর্তৃপক্ষ বলেছে তাদের বাসে ‘হাফ পাস নেই’।
এদিকে বিকেলে বৃষ্টির পর চরম ভোগান্তিতে পড়েন অফিস শেষ করে বাড়ি ফেরা লোকজন। গাড়ি না পেয়ে শাহবাগ, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় অসংখ্য মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।