রাস্তায় চালক-যাত্রীর বাদানুবাদ

সকাল নয়টা। নগরের সারসন রোড এলাকায় অফিসগামী বেশ কয়েকজন যাত্রী দাঁড়িয়ে। সিএনজি চালিত অটোরিকশা আসতেই এগিয়ে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু গন্তব্যের কথা বলতেই দরদাম শুরু করেন চালক। কেউ কেউ রাজি হয়ে উঠেও পড়েন। ভিড় কমে গেলে একটি খালি অটোরিকশা দেখে ছুটে যান এক যাত্রী, তিনি মিটারে লালখান বাজার যেতে চাইলে চালক মিটারের চেয়ে ১০ টাকা বেশি দেওয়ার আবদার করেন। মুহূর্তে শুরু হয়ে যায় চালক-যাত্রী বাদানুবাদ।
গত বৃহস্পতিবারের চিত্র এটি। গোলাম মোস্তফা নামের ওই যাত্রী একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। তিনি জানান, স্ত্রীকে নিয়ে বিশেষ কাজে লালখান বাজার যাচ্ছেন। কিন্তু কোনোভাবেই সিএনজি অটোরিকশা চালকদের মিটারে যেতে রাজি করাতে পারেননি। যাঁরা যেতে রাজি হচ্ছেন, তাঁরাও মিটারের চেয়ে বাড়তি টাকা চাইছেন। অপর দিকে মো. সবুর নামের ওই চালকের কথা, যাত্রীরা অল্প দূরত্বে মিটারে যেতে চান, কিন্তু বেশি দূরত্বে যেতে চান না। তাই লোকসান এড়াতে অল্প দূরত্বে ১০ টাকা বেশি দাবি করেন তাঁরা।
পর দিন শুক্রবার সকাল দশটায় নগরের লাভলেইন এলাকা গিয়ে দেখা গেল উল্টো চিত্র। লাভলেইনের নেভাল মোড়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার কাছে এসে বিমানবন্দরে যেতে চাইলেন এক যাত্রী। চালক মিটারে যেতে চাইলে তিনি দুই শ টাকা ভাড়া হাকেন। চালক রাজি না হওয়ায় তিনি অন্য অটোরিকশার সন্ধানে সামনে এগিয়ে যান। মো. আরিফ নামের ওই চালক বলেন, যাত্রীরা অল্প দূরত্বে মিটারে যেতে চান। তবে ১০-১৫ কিলোমিটার দূরত্বের গন্তব্যে যেতে চান না তাঁরা। লাভলেইন থেকে বিমানবন্দর মিটারে গেলে ভাড়া আড়াই শ টাকার মতো উঠবে। তাই ওই যাত্রী যেতে চাননি। মিটার কার্যকর করতে চাইলে কাছে-দূরে সব গন্তব্যেই মিটারে যেতে হবে।
চট্টগ্রাম মহানগরে ১ ফেব্রুয়ারি থেকে মিটার কার্যকর করার ঘোষণা দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু এই ঘোষণা এখনো বাস্তবায়িত হয়নি। মিটারে অটোরিকশা চলাচল নিয়ে যাত্রী-চালকের ঝগড়া-বাদানুবাদ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের অভিযোগ, কাগজে-কলমে মিটার চালু হলেও পুলিশ এখনো তা কার্যকর করতে মাঠে নামেনি। অপর দিকে, অটোরিকশা চালকদের অনেকেই অভিযোগ করেছেন বেশি দূরত্বে যাত্রীরাই মিটারে যেতে রাজি হন না। এ ক্ষেত্রে ট্রাফিক পুলিশ সক্রিয় না হলে গণপরিবহনে শৃঙ্খলা আসবে না বলে মত দিয়েছেন তাঁরা।
নগরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ অটোরিকশায় মিটার সংযোজন ও নতুন করে নির্ধারিত হারে ভাড়া সমন্বয়ের (কেলিব্রেশন) কাজ শেষ হয়েছে। কিন্তু মিটারে বেশির ভাগ চালক কাছে-দূরে কোনো গন্তব্যেই যেতে রাজি হন না বলে যাত্রীদের অভিযোগ। যারা গন্তব্যে যেতে রাজি হন তাঁরাও ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া দাবি করেছেন। যাত্রীদের বিরুদ্ধে বেশি দূরত্বে মিটারে না যাওয়ার অভিযোগ আছে চালকদেরও। ফলে মিটার সংযোজনের সুফল পাচ্ছেন না চালক-যাত্রী কেউই।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘১ ফেব্রুয়ারি থেকে মিটারে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের সিদ্ধান্ত হয়। কিন্তু অনেক অটোরিকশায় এখনো পর্যন্ত মিটার সংযোজন ও ভাড়া সমন্বয়ের কাজ শেষ হয়নি। সবগুলো অটোরিকশায় মিটার লাগানোর জন্য আমরা অপেক্ষা করছি। এরপর মিটারে অটোরিকশাগুলো যাত্রী পরিবহন করছে কিনা তা দেখতে ভ্রাম্যমাণ আদালত বসানোর পরিকল্পনা আছে।’
মিটার সংযোজনের নিবন্ধিত প্রতিষ্ঠান এস কে ট্রেডার্সের প্রতিনিধি নজরুল ইসলাম ভূঁইয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রায় আড়াই হাজার অটোরিকশায় মিটার সংযোজন ও ভাড়া সমন্বয়ের কাজ শেষ করেছি। বেশির ভাগ অটোরিকশায় মিটার লাগানোর কাজ শেষ হয়েছে বলে আমাদের ধারণা।’
গত বছরের মাঝামাঝি গ্যাসের দাম বাড়ানোয় সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও পুনঃ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ঠিক করা হয়েছে ৪০ টাকা, যা আগে ২৫ টাকা ছিল। প্রতি কিলোমিটারের ভাড়া সাত টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। যানজট বা অন্য কোনো কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য গুনতে হবে দুই টাকা করে, যা আগে ছিল এক টাকা ৪০ পয়সা।
একইভাবে চালকদের জন্য দৈনিক জমার পরিমাণও বাড়িয়েছে বিআরটিএ। মালিকের জমা বাবদ এখন প্রতিদিন সর্বোচ্চ ৯০০ টাকা করে দিতে হবে চালককে, এতদিন যার পরিমাণ ছিল ৬০০ টাকা। তবে এই নিয়ম কার্যকর হওয়া নিয়ে সংশয় আছে যাত্রীদের মধ্যে। কারণ এর আগে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর সরকার ঢাকা ও চট্টগ্রাম নগরের জন্য অটোরিকশার ভাড়া এবং মালিকদের দৈনিক জমার পরিমাণ ঠিক করে দিলেও তা কার্যকর করা যায়নি।
একটি বেসরকারি বিমান সংস্থার চট্টগ্রামের ব্যবস্থাপক মো. আসিফ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কাতালগঞ্জের বাসা থেকে আগ্রাবাদের কর্মস্থলে মিটারে গেলে ৯০ থেকে ৯৫ টাকা ভাড়া ওঠে। কিন্তু চালকেরা ২০ থেকে ৩০ টাকা বেশি দাবি করে। এরপরও দর-কষাকষি করে ১২০ টাকায় যেতে পারি। কিন্তু ফেরার পথে ১৫০ টাকার নিচে কেউ আসতে চায় না। মিটারে গাড়ি চলাচলের কোনো সুফল যাত্রীরা পাচ্ছে বলে মনে হয় না।’
চট্টগ্রাম ফোরস্ট্রোক সিএনজি সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘স্বল্প দূরত্বের গন্তব্যেই কেবল যাত্রীরা মিটারে যেতে আগ্রহী। কিন্তু ভাড়া বেশি ওঠে বলে যানজট প্রবণ এলাকা ও দূরের গন্তব্যে যাত্রীরা যেতে আগ্রহী নয়।’
মো. মহিউদ্দিন আরও বলেন, ‘নগরের ভেতরে যেকোনো দূরত্বের গন্তব্যে চালকেরা মিটারে যেতে বাধ্য থাকবে। কোনো চালক মিটারে গাড়ি চালাতে অনাগ্রহ প্রকাশ করলে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে সংশ্লিষ্ট যাত্রী অভিযোগ দিতে পারেন।’
অধিকাংশ চালক এখানো কোনো গন্তব্যেই কেন মিটার চালাতে চান না এমন প্রশ্ন করা হয়েছিল চালক মো. রফিক আহমেদের কাছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মালিকের জমা, গ্যাস ও নিজের খরচ বাদ দিয়ে ৬০০-৭০০ টাকা না থাকলে পরিবার নিয়া চলুম কেমনে? মিটারে চালাইলে আমাগো পোষায় না। যাত্রীরা ১০-২০ টাকা কইরা বাড়াইয়া দিলে আমাগো কষ্ট কম অয়।’