রাস্তায় ছলাৎ ছলাৎ ঢেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিতে সড়ক বিলীন। এর মধ্যেই নানা ধরনের যান চলছে ছলাৎ ছলাৎ ঢেউ তুলে। হাঁটুপানি ভেঙে হাঁটতে গিয়ে পথচারী বেসামাল। যেখানে পানি একটু বেশি, সেখানে চলা মুশকিল। পারাপারে নৌকার কাজ সারছে রিকশা।

গতকাল বুধবার সকাল থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত মতিঝিল, দৈনিক বাংলা ও আরামবাগ এলাকার চিত্র ছিল এমনই।

দুপুরে মতিঝিলের বলাকা মোড় থেকে সিটি সেন্টারের সামনে পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকা প্রায় দুই ফুট উচ্চতায় পানি জমে ছিল। নগরের অন্যতম ব্যস্ত ও বাণিজ্যিক এলাকা হওয়ায় এখানে লোকজনের ভিড় একটু বেশি। অনেকে হাঁটুপানি ভেঙে যাচ্ছেন, কেউ কেউ ভিজে যাওয়া থেকে নিজেকে রক্ষা পেতে রিকশা দিয়ে পানি পার হওয়ার চেষ্টা করছেন। রিকশায় যাত্রীদের পা রাখার জায়গায়ও পানি। এ ছাড়া বাস, মাইক্রোবাস ও অন্যান্য ভারী গাড়ি চলাচল করলে পানির ঝাপটা এসে রিকশার যাত্রীদের পা ভিজিয়ে দেয়।

মতিঝিল সিটি সেন্টারের সামনে পুলিশ বুথের কাছে ঢাকা ওয়াসার একজন কর্মচারীকে দেখা গেল, ম্যানহোলের ঢাকনা খুলে সঙ্গে আরেকজনকে নিয়ে বসে আছেন। ওয়াসার কর্মী মো. আবদুল খালেক পানিতে একটি টুলের ওপর বসে ছিলেন। পানি দ্রুত অপসারণের বিষয়টি তিনি তদারক করছিলেন।

মতিঝিল এলাকার একটি আন্তর্জাতিক কুরিয়ারের কর্মী নয়ন দাস বলেন, মতিঝিলে একটু ভারী বৃষ্টি হলেই পানি জমে যায়। মতিঝিলে বৃষ্টির পানি স্বস্তি না, ভোগান্তি। এখন লোকজনের অভ্যাস হয়ে গেছে। কেউ আর এটা নিয়ে মাথা ঘামায় না।

নয়ন দাসের সঙ্গে কথা বলে সিটি সেন্টার থেকে দৈনিক বাংলার দিকে একটু এগোতেই দেখা গেল, এই এলাকার প্রধান রাস্তা ও গলির রাস্তায়ও হাঁটুপানি জমে আছে। এই এলাকার বাসিন্দা মো. ইমদাদুল্লাহ বলেন, অন্য সময়ে এখানে কোনো পানি জমে না। কিন্তু বর্ষায় ভারী বর্ষণ হলে এখানে এমন পানি কয়েক বছর ধরে জমছে।

মতিঝিলে জলাবদ্ধতা বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কমিশনার মারুফ আহমেদ মনসুর বলেন, কিছুদিন ধরে শান্তিনগরে কাজ হচ্ছে। এ কারণে ওয়াসার কিছু জায়গায় পানিপ্রবাহ ঠিকভাবে না হওয়ায় একটু পানি জমে যাচ্ছে। মানুষের যাতে দুর্ভোগ না হয়, এ জন্য ওয়াসার সঙ্গে কথা বলে বিভিন্ন জায়গায় মেশিন বসিয়ে পানি সরানোর কাছ চলছে।

আরামবাগের ভেতরে নটর ডেম কলেজের পেছনের দিকে, প্রধান সড়কের (মতিঝিল আসার পথে) বিভিন্ন জায়গায় পানি জমে থাকতে দেখা গেছে। এসব এলাকায় জলাবদ্ধতার সমস্যা অনেক পুরোনো বলে জানালেন এই এলাকার বাসিন্দা মো. তাজুল ইসলাম। তিনি বলেন, এখানে পানি জমে অনেক দিন থেকে। এ বিষয়ে কাউকে বললে তারা বলে, ঠিক হয়ে যাবে। কিন্তু যে সমস্যা, সেটা স্থায়ী থেকেই যাচ্ছে।

রাজারবাগ পুলিশ লাইনসের মূল সড়ক আর সার্কিট হাউস রোডেও ছিল পানি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খিলগাঁও, গোড়ান, সিপাহীবাগ, সবুজবাগ, রাজারবাগ এলাকার বিভিন্ন সড়কে পানি জমে থাকতে দেখা যায়। কোথাও কোথাও ছিল হাঁটুপানি। পানির রাজত্ব ছিল পুরোনো ঢাকার অলিগলিতেও। ডুবেছে মধ্য ঢাকার তল্লাবাগ, তেজতুরী বাজার। সব জায়গায় ভোগান্তির চিত্র এক।

বৃষ্টি এখন আর মানুষকে স্বস্তি দেয় না। বৃষ্টি মানেই জলাবদ্ধতা ও শহরবাসীর সীমাহীন দুর্ভোগ। গত মঙ্গলবার রাত ও গতকাল সকালের বৃষ্টিতে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সে পানি আর দ্রুত সরছে না। এই ময়লা পানি মাড়িয়েই নিজ নিজ কাজে ছুটতে হয়েছে নগরবাসীকে। কবে নাগাদ এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে, তা কেউ জানে না l ছবি: প্রথম আলো
বৃষ্টি এখন আর মানুষকে স্বস্তি দেয় না। বৃষ্টি মানেই জলাবদ্ধতা ও শহরবাসীর সীমাহীন দুর্ভোগ। গত মঙ্গলবার রাত ও গতকাল সকালের বৃষ্টিতে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সে পানি আর দ্রুত সরছে না। এই ময়লা পানি মাড়িয়েই নিজ নিজ কাজে ছুটতে হয়েছে নগরবাসীকে। কবে নাগাদ এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে, তা কেউ জানে না l ছবি: প্রথম আলো