রাস্তায় ঝরে গেল ১৯ প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার পবিত্র ঈদুল আজহা। স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে বাড়িতে ছুটছে শত শত মানুষ। এ কারণে সড়কে বেড়েছে গাড়ির চাপ। ঘটছে দুর্ঘটনা। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত বিভিন্ন সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছে ১৯ জন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড়ে বাসের ধাক্কায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল সকাল সোয়া নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের মো. নাইম (২০), নিজাম উদ্দিন (২২) ও কুমিল্লার মুরাদনগরের জয়নাল আবেদিন (৬৫)।
সুনামগঞ্জ: ছাতক-সিলেট সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন প্রাণ হারিয়েছে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে ছাতক উপজেলার হাসনাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জেলার দোয়ারাবাজার উপজেলার ভুজনা গ্রামের বিমানবাহিনীর সদস্য মুহিবুর রহমান (৩৫), সদর উপজেলার নৌকাখালী গ্রামের মতিলাল চক্রবর্তী (৩৫), জামালগঞ্জ উপজেলার গংলাপুর গ্রামের হরিদাস (৪২) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের জলি রানী (৩৫)।
জামালপুর: গত মঙ্গলবার রাত ১১টার দিকে জামালপুর-ইসলামপুর সড়কের মেলান্দহ উপজেলার হাতিজা এলাকায় অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে দুজন এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নান্দিনা এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হয়।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ইসলামপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ঢেংগারঘর গ্রামের হাসিবুল হাছান (২২), কাছিমা গ্রামের জিহাদ (৩০) ও সদর উপজেলার হামিদপুর গ্রামের শফিকুল ইসলাম (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর শহর থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ইসলামপুর উপজেলায় যাচ্ছিল। অটোরিকশাটি মেলান্দহ উপজেলার হাতিজা এলাকায় পৌঁছালে ইসলামপুর থেকে আসা গরুবাহী ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে জামালপুর সদর থানার ওসি আবদুল আওয়াল বলেন, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে শফিকুল জামালপুর শহর থেকে অটোরিকশায় করে ময়মনসিংহ যাচ্ছিলেন। নান্দিনা এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যায়।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় গতকাল বেলা দেড়টার দিকে যাত্রীবাহী একটি বাসের চাপায় তিন নারী নিহত হয়েছেন।
সিলেট থেকে ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী তিন নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। তাঁরা হলেন উপজেলার ইসলামাবাদ গ্রামের শামসুন্নাহার বেগম (৪৫), আজিজা বেগম (৪৫) ও তেরকান্দা গ্রামের আম্বিয়া বেগম (৪০)। তাঁরা ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফিরছিলেন।
বরগুনা: সকালে পটুয়াখালী-আমতলী কুয়াকাটা সড়কের পূর্ব চুনাখালী এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের চালক মনির হোসেন সিকদার (৩৫) ও আরোহী উজ্জ্বল লাল শীল (২৫)। উজ্জ্বল ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি বরগুনার তালতলী উপজেলায়।
টাঙ্গাইল: শহরের বাইপাস সড়কের কান্দিলা এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জেলার গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের সুদেব চন্দ্র ঘটক (৩৫) ও বগুড়ার শিবগঞ্জের মোকামতলা গ্রামের বুলবুল (৩০)।
পঞ্চগড়: জেলার বোদা উপজেলায় ট্রাকচাপায় আবদুল খালেক (৪৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দনবাড়ি এলাকার বোদা-দেবীগঞ্জ জেলা সড়কে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সদ্য বিলুপ্ত বেহুলাডাঙ্গা ছিটমহলের বাসিন্দা ছিলেন।
দিনাজপুর: জেলার বিরল উপজেলার ফরক্কাবাদ এলাকায় ভটভটির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম মো. সাদেকুল ইসলাম (৪০)। বাড়ি উপজেলার দরবারপুর গ্রামে। সাদেকুল তাঁর মোটরসাইকেলে করে দিনাজপুর শহরে আসছিলেন।