রাস্তায় ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে ডিএমপি কমিশনারের ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে ইফতার করলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে ইফতার সারেন তিনি।
পুলিশ জানায়, ঢাকাকে সচল রাখতে ট্রাফিক পুলিশের সদস্যদের কাজের কোনো বিরাম নেই। পালা করে তাঁদের ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোনো কোনো স্থানে ২৪ ঘণ্টাই কর্তব্য পালন করতে হয়। রমজান মাসে চাপ আরও বেশি পড়ে। এ জন্য ট্রাফিক পুলিশ সদস্যদের প্রায় প্রতিদিনই রাস্তায় ইফতার করতে হয়।
ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে একাত্মÄহয়ে তাঁদের কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যেই কমিশনার প্রতিবছর একদিন তাঁদের সঙ্গে ইফতার করেন বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।
ইফতার করতে এসে ডিএমপির কমিশনার সাংবাদিকদের বলেন, ‘রমজান মাসের প্রথম দিন থেকে বিভিন্ন বিপণিবিতানে উৎসবমুখর পরিবেশে কেনাকাটা শুরু হয়েছে এবং এখনো চলছে। এ সম্পর্কে আমরা সচেতন রয়েছি। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন এবং পরের ১০ দিন ঢাকা শহর থেকে লাখ লাখ মানুষ বেরিয়ে যাবে। সে বিষয়গুলো মাথায় রেখে ঈদ-পরবর্তীও সময়ের জন্যও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।’
কমিশনার সঙ্গে করে ট্রাফিক সদস্যদের জন্য ইফতারি নিয়ে এসেছিলেন। তা তিনি ট্রাফিক সদস্যদের হাতে তুলে দেন। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাস, যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ্ উদ্দিন আহ্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।