রাস্তায় দাঁড় করানো হলো শিশুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানকে শুভেচ্ছা জানাতে গতকাল সিদ্ধিরগঞ্জের কদমতলী রাস্তার দুই পাশে রোদের মধ্যে শিশুশিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা হয়, ছবি: প্রথম আলো
আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানকে শুভেচ্ছা জানাতে গতকাল সিদ্ধিরগঞ্জের কদমতলী রাস্তার দুই পাশে রোদের মধ্যে শিশুশিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা হয়, ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ শামীম ওসমান গতকাল শনিবার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠান ও এক ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় উদ্বোধন করার জন্য সিদ্ধিরগঞ্জ যান। শামীম ওসমানকে শুভেচ্ছা জানাতে আধা ঘণ্টার বেশি সময় ধরে ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রীকে রাস্তায় রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়।

গতকাল সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এমডব্লিউ উচ্চবিদ্যালয়ে কম্পিউটার ল্যাব উদ্বোধন ও পরে আদমজী এমডব্লিউ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শামীম ওসমান। পরে তিনি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলার কার্যালয় উদ্বোধন করেন।

গত ২৭ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্রে জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নির্দেশ না মানলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সাংসদ শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান এবং কাউন্সিলর নূর হোসেন ও আলী হোসেন ওরফে আলা ওই অনুষ্ঠানের আয়োজন করেন।

বেলা ১১টায় কলেজ ও স্কুলের অনুষ্ঠানের নির্ধারিত সময় ছিল। শামীম ওসমান সাড়ে ১১টার কিছু সময় পরে গাড়িতে চড়ে আদমজী কদমতলী এলাকায় যান। সেখানে তাঁকে শুভেচ্ছা জানাতে বিরাট তোরণ নির্মাণ করা হয়। শামীম ওসমান সাড়ে ১১টার কিছুক্ষণ পর অনুষ্ঠানস্থলে যান। তবে এর প্রায় আধঘণ্টা আগ থেকে ওই দুই প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রীকে কদমতলী রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়। তাদের কয়েকজনের হাতে ছিল ফুলের পাপড়ি। কারও হাতে ছিল শামীম ওসমানকে স্বাগত জানিয়ে তৈরি করা ফেস্টুন। উচ্চবিদ্যালয় হলেও এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়।

আদমজী এমডব্লিউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শহীদুলের মুঠোফোনে কয়েক দফা ফোন করলেও তিনি ধরেননি।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম জানান, কোনো জনপ্রতিনিধিকে শুভেচ্ছা জানানো বা সংবর্ধনা দেওয়ার জন্য যদি শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা হয় তাহলে সেটা অন্যায়। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসের ভেতরে থাকতে পারে। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে।

এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও সাংসদ শামীম ওসমানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।