রাস্তায় দাঁড়ানো শিশুদের ধমক দিয়ে ক্লাসে পাঠালেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্কেলপুর ফজরউদ্দিন (এফইউ) উচ্চবিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন স্থাপন করা হবে। এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসবেন জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ। আর তাঁকে স্বাগত জানাতে স্কুলের সামনে ফুল নিয়ে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা। সাংসদ গাড়ি থেকে নামতেই শিক্ষার্থীরা এগিয়ে গেলে তিনি অভিভাবকসুলভ ধমক দিয়ে ক্লাসে ফেরত পাঠান।

এ ঘটনায় সেখানে উপস্থিত লোকজন স্থানীয় সাংসদের ভূয়সী প্রশংসা করেছেন।

এ বিষয়ে উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন, ‘সাংসদ আবু সাঈদ আল মাহমুদের মতো সারা দেশের জনপ্রতিনিধিদের একই আচরণ হওয়া উচিত।’

প্রত্যক্ষদর্শী এফ ইউ উচ্চবিদ্যালয় সূত্র জানায়, ৩১০টি উপজেলা সদরে নির্বাচিত বেসরকারি বিদ্যালয়ে ‘আধুনিকায়ন বিদ্যালয়ে রূপান্তর শীর্ষক’ প্রকল্পের আওতায় এফ ইউ উচ্চবিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের বরাদ্দ দেওয়া হয়। এরই অংশ হিসেবে আজ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংসদ আবু সাঈদ আল মাহমুদ সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে তাঁর গাড়ি থেকে নেমে রাস্তায় শিক্ষার্থীদের ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে অভ্যর্থনা না নিয়ে ক্লাসে ফেরত পাঠান। পরে তিনি ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধীসমাবেশে যোগ দেন।

অনুষ্ঠানে সাংসদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এসে শুধু দলীয় গুণকীর্তন করলেই চলবে না। আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কান্ডারি। এরাই বড় হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।

এফ ইউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম মণ্ডল জানান, সাংসদ আবু সাঈদ আল মাহমুদ বিদ্যালয়ে ক্রীড়াসামগ্রী দেওয়ার ও মাঠ সংস্কারের ঘোষণা দিয়েছেন।

প্রধান শিক্ষক আবদুস ছালাম মণ্ডলের সভপতিত্বে অনুষ্ঠিত সুধীসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম কেরামত আলী।