রাস্তায় নালার পানি, যান চলাচল বন্ধ

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে আদাবর যাওয়ার মূল পথ বাঁশবাড়ি সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটিতে জমে আছে নর্দমার পানি। নোংরা পানি ও বড় বড় গর্তের কারণে এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচলই বন্ধ। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মোহাম্মদপুরের বাসিন্দারা।
স্থানীয় লোকজন বলেন, সড়কের নিচ দিয়ে যাওয়া পানিনিষ্কাশন ও পয়োনালায় আবর্জনা জমার কারণে পানি সরতে পারছে না। তাই এক মাস ধরে এই সড়কে পানি জমছে। বিষয়টি সিটি করপোরেশনকে জানিয়েও কোনো লাভ হয়নি। সড়কটি চলাচলের উপযোগী করতে লেগুনামালিকেরা পানিনিষ্কাশনের চেষ্টা করছেন।
বাঁশবাড়ি সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন। সড়কটি সম্পর্কে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) অজিয়র রহমান বলেন, ড্রেনেজব্যবস্থা বিকল হওয়ায় সড়কে পানি জমেছে। তিনি বলেন, এই সড়কে ওয়াসার পয়োনালা ও ডিএনসিসির পানিনিষ্কাশন নালা আছে। ওয়াসার নালা ঠিক করতে ওয়াসাকে বলা হয়েছে। শিগগিরই ডিএনসিসির প্রকৌশল বিভাগ পানিনিষ্কাশন নালাটি ঠিক করবে। সমস্যা সমাধানের জন্য ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ কাজ করছে।
এ ব্যাপারে জানতে ঢাকা ওয়াসার ড্রেনেজ (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) সার্কেলের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
গতকাল শুক্রবার সকালে দেখা যায়, বাঁশবাড়ি সড়কের উত্তর প্রান্তে হোসেন সেন্টারের সামনে থেকে দক্ষিণে নওয়াব বাড়ির সামনের অংশ পর্যন্ত সড়কে নোংরা পানি জমে আছে। পানি জমা অংশের পূর্ব পাশের ফুটপাত দিয়ে হাঁটছেন লোকজন। পশ্চিম প্রান্তে ফুটপাত না থাকায় ওই দিক দিয়ে হাঁটারও উপায় নেই। বাধ্য হয়ে কেউ কেউ নোংরা পানির মধ্য দিয়েই হেঁটে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছেন। নালা পরিষ্কারের কাজ করছেন কয়েকজন। সড়কের দুই পাশের দোকানগুলোতে তেমন একটা ক্রেতা নেই।
নর্দমা পরিষ্কারে নিয়োজিত ব্যক্তিদের তদারকির দায়িত্বে থাকা আমির হোসেন বলেন, পানি জমে থাকায় এই সড়কে লেগুনা চলাচল বন্ধ। তাই লেগুনামালিকেরা নালা পরিষ্কারের কাজ করছেন।
স্থানীয় বাসিন্দা সজীব, রুহুল ও সালাম বলেন, এই সড়কে ছোট-বড় অন্তত ১০০ গর্ত রয়েছে। এতে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটে। কালো পানিতে গর্ত ঢেকে যাওয়ায় দুর্ঘটনা বেড়ে গেছে। তাই স্থানীয় লোকজন এই সড়কে যান চলাচল বন্ধ রেখেছেন।
সড়কটির বেহাল দশা নিয়ে গত ১৫ জুলাই প্রথম আলোয় ‘সংস্কার হয় না সাত বছর!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। সে সময় স্থানীয় কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব বলেছিলেন, আগস্ট মাসে সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হতে পারে। এরপরই সংস্কারকাজ শুরু করা হবে। গতকাল এ ব্যাপারে জানতে তাঁকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
তবে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমান বলেছেন, এখনো দরপত্র আহ্বান করা হয়নি।