রাস্তায় নির্মাণসামগ্রী, ভোগান্তিতে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই সড়কের ওপর বালু ও ইট রাখা হয়েছে। ছবিটি সম্প্রতি গাইবান্ধা শহরের মাস্টারপাড়া থেকে তোলা l প্রথম আলো
এভাবেই সড়কের ওপর বালু ও ইট রাখা হয়েছে। ছবিটি সম্প্রতি গাইবান্ধা শহরের মাস্টারপাড়া থেকে তোলা l প্রথম আলো

গাইবান্ধা শহরে সড়কে নির্মাণসামগ্রী রাখায় মানুষ ও যানবাহনের চলাচলে তৈরি হচ্ছে ভোগান্তি। বিশেষ করে শহরের ডিবি রোড ও মাস্টারপাড়া এলাকায় রাস্তার ওপরই ইট, বালু রাখায় এ ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে ২ জুন বিকেলে দেখা গেছে, মাস্টারপাড়া এলাকার পানির ট্যাংকের সামনে থেকে এইড মসজিদ পর্যন্ত রাস্তাটির আটটি স্থানে বাড়িঘরের নির্মাণকাজের জন্য আনা ইট-বালু সড়কের ওপরই রাখা হয়েছে। ফলে সড়ক সংকুচিত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে।

শহরের মাস্টারপাড়া এলাকার ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, ‘আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। চলাচলের সময় রাস্তার পাশে রাখা বালু উড়ে এসে চোখে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী ছেলেমেয়েরা বেশি সমস্যায় পড়ে।’

নাম প্রকাশে অনিচ্ছুক মাস্টারপাড়া এলাকার এক চাকরিজীবী বলেন, এই এলাকায় দীর্ঘদিন ধরেই অনেক নতুন ঘরবাড়ির নির্মাণকাজ চলছে। সবাই এসব নির্মাণসামগ্রী রাস্তার ওপর রাখছে। এ রাস্তার কয়েক স্থানে বৈদ্যুতিক বাতি না থাকায় প্রায়ই ইট-বালু রাখার স্থানে দুর্ঘটনা ঘটছে।

গাইবান্ধা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহীদ আহম্মেদ বলেন, সড়ক থেকে ইট ও বালু সরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া বিষয়টি পৌরসভার মেয়র ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

এদিকে একই অবস্থা শহরের ব্যস্ততম ডিবি রোড, সুখনগর, প্রফেসর কলোনি, দক্ষিণ ধানঘড়া এলাকায়। শহরের সবচেয়ে ব্যস্ত ডিবি রোড। এ ছাড়া পশ্চিম দিক থেকে গাইবান্ধা শহরে ঢোকার একমাত্র পথ এটি। কিন্তু এই রোডের কয়েকটি স্থানে নির্মাণসামগ্রী রেখে বিপণিবিতানের নির্মাণকাজ চলছে। ফলে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি দুর্ভোগও বেড়েছে।