রাস্তায় নির্মাণসামগ্রী রেখে প্রতিবন্ধকতা
গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে একটি আবাসন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী মজুত রেখে কাজ করছে। এতে শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।স্থানীয় সূত্র জানায়, আউচপাড়ায় কলেজ রোডে আবাসন কোম্পানি হলি হোমস ডেভেলপার কোম্পানি লিমিটেড তাদের ১২ তলা ভবন নির্মাণের জন্য দুই বছর ধরে ইট, পাথর, বালু ও রড ফেলে কাজ করছে। এতে সরু রাস্তার অর্ধেকই দখল হয়ে গেছে। ফলে দুটি রিকশা পাশাপাশি চলতে পারে না। সড়কের পাশে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও টঙ্গী সরকারি কলেজ, সফিউদ্দিন সরকার একাডেমি ও কয়েকটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরুর আগে ও ছুটির পর দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। এর মধ্যে বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছে ছাত্রছাত্রীরা।একইভাবে কলেজ রোডের ৫০ গজ ভেতরে এনজেলিক প্রপার্টিজ নামের একটি আবাসন প্রতিষ্ঠান ছয় মাস ধরে রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে কাজ করছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, কোম্পানির মালিকদের বলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সাবেক টঙ্গী পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করেছিল। এ ব্যাপারে হলি হোমস ডেভেলপার কোম্পানির পরিচালক মো. কবির হোসেন বলেন, ‘মালামাল রাখায় খুব বেশি সমস্যা হয় না। খুব শিগগিরই মালামাল অন্যত্র সরিয়ে নেব।’এ বিষয়ে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নূর আলম বলেন, ‘রাস্তায় নির্মাণসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত অপরাধ। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’