রাস্তায় নেতার গতিরোধক দুর্ঘটনায় সাধারণ মানুষ
খুলনা নগরের জেলখানা ঘাট থেকে তেরখাদা উপজেলার দূরত্ব ২৩ কিলোমিটার। এই পথে ৪৫টি গতিরোধ রয়েছে। দুর্ঘটনা কমানোর কথা বলে বেশির ভাগ গতিরোধকই দিয়েছেন খুলনা-৪ (দিঘলিয়া, তেরখাদা ও রূপসা) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোল্লা জালাল উদ্দিন। অথচ ঘটেছে তার উল্টো। অপরিকল্পিত গতিরোধকের কারণে প্রতি মাসে ৩০-৩৫টি দুর্ঘটনা ঘটছে। হতাহত হচ্ছেন অনেক ব্যক্তি।
এলাকাবাসী ও দুর্ঘটনার শিকার একাধিক ব্যক্তি জানান, বছর খানেক আগে সড়কটি সংস্কার করা হয়। সংস্কার শেষে ঢালাওভাবে ৪৫টি গতিরোধক দেওয়া হয়। সড়কটির পালের হাট বাজারের মোড়টি ঝুঁকিপূর্ণ, সেখানে একটি গতিরোধক দিলেই হতো। কিন্তু বাকি গতিরোধকগুলোর কোনো প্রয়োজন ছিল না।
সরেজমিনে দেখা গেছে, রূপসা উপজেলার পালের হাট বাজার এলাকা ও আবুলের মোড় এলাকায় তিনটি করে এবং বঙ্গবন্ধু কলেজ ও শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের সামনে দুটি করে গতিরোধক রয়েছে। তেরখাদা উপজেলার শেরপুর বাজার এলাকা ও তেরখাদা বাজারের আগে দুটি করে গতিরোধক বসানো হয়েছে। এ ছাড়া ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একটি করে আরও ৩১টি গতিরোধক রয়েছে।
এই সড়কে এত বেশি গতিরোধক থাকার কারণ জানতে চাইলে রূপসার পালেরহাট এলাকার বাসিন্দা মনিরুল শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই রাস্তায় যতগুলো বিট (গতিরোধক) দেখেন, সব ফাউ দিয়া। এমপি আর রাস্তার লোকে মিলে দেছে। খামোকা এই বিটগুলো দিয়ে মানুষ মরার কল বানায়ছে। যার যা খুশি সে তা-ই করতেছে। আর মরতেছে সাধারণ মানুষ।’
তেরখাদার গ্রামের কামরুল ইসলাম প্রায় পাঁচ বছর ধরে ভাড়ায় মোটরসাইকেল চালান। গত তিন মাসে তিনি ১৫ বারের বেশি দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন।
কামরুল বলেন, ‘প্রতিদিন আট-দশবার তেরখাদা-খুলনা যাতায়াত করি। সব সময় তো খেয়াল থাকে না। একটু অসাবধান হলেই ঘটে দুর্ঘটনা।’
সওজের এক কর্মকর্তা বলেন, গতিরোধকগুলো দেওয়ার সময় তাঁরা তৎকালীন সাংসদ মোল্লা জালাল উদ্দিনকে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি বলেছিলেন, এই রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে। তাই গতিরোধক দিতে হবে। তাঁর নির্দেশে বাধ্য হয়ে গতিরোধক নির্মাণ করেন।
মোল্লা জালাল উদ্দিন বলেন, ‘শুধু আমি একা গতিরোধক দিইনি। অনেকে (স্থানীয় আওয়ামী লীগের নেতারা) জোর করে নিজেদের বাড়ির সামনে গতিরোধক দিয়েছেন।’
সওজ কর্মকর্তা আবদুর রেজ্জাক বলেন, ‘গতিরোধকের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। তাই সেগুলো ভেঙে ফেলার পরিকল্পনা করছি। এ ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ প্রয়োজন।’