রাস্তায় পশুবাহী ট্রাক থামানো যাবে না: আইজিপি
সুনির্দিষ্ট তথ্য ছাড়া রাস্তায় কোরবানির পশুবাহী কোনো ট্রাক থামাবে না পুলিশ। এমনকি কাগজপত্র পরীক্ষার অজুহাতেও পশুবাহী ট্রাক যাতে থামানো না হয়, এ ব্যাপারে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
গতকাল সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা জানান। এর আগে সেখানে কোরবানির ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। তাতে পুলিশের সব অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি), সব মহানগর পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সংবাদ সম্মেলনে আইজিপি শহীদুল হক বলেন, পশুবাহী ট্রাকে কোনো মহলের কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না। খুব সুনির্দিষ্ট তথ্য ছাড়া পুলিশ রাস্তায় পশুবাহী গাড়ি থামাবে না। এমনকি কাগজপত্র দেখার অজুহাতেও পশুবাহী গাড়ি থামানো যাবে না।
আইজিপি বলেন, গত ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত যানজটে ভোগান্তি হয়েছে মানুষের। পুলিশ যথাসাধ্য চেষ্টা করেও তা নিয়ন্ত্রণ করতে পারেনি। এত গাড়ির চাপ সামলানো পুলিশের সামর্থ্যের বাইরে ছিল। এবার পুলিশ আরও তৎপর থাকবে। মহাসড়কে ১৪টি পর্যবেক্ষণ টাওয়ার থাকবে। তিনি বলেন, এরই মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশন-পৌরসভার মেয়রদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোনো জায়গায় পশুর হাট বসানো যাবে না। হাটগুলোতে নির্ধারিত হারের অতিরিক্ত হাসিল যাতে না নেওয়া হয়, তা দেখবে পুলিশ। হাটে জাল টাকা ও অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধে কাজ করবেন পুলিশের সদস্যরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, চামড়া পাচার রোধে ঈদের পরে চামড়াবাহী কোনো ট্রাককে ঢাকার বাইরে যেতে দেওয়া হবে না। তবে অন্য জেলা থেকে ঢাকায় চামড়ার চালান আসতে পারবে।