রাস্তায় পিচের চিহ্ন নেই, ১০ গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘড়িয়া থেকে জয়ানপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বেহাল। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘড়িয়া থেকে জয়ানপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বেহাল। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি রাস্তার দুই কিলোমিটার অংশ দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১০টি গ্রামের বাসিন্দারা।

৯ আগস্ট উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ বাজার থেকে জয়ানপুর ঘাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের আটঘড়িয়া থেকে জয়ানপুর ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী। এর মধ্যে প্রায় দেড় কিলোমিটারে পিচের চিহ্ন নেই। রায়গঞ্জ বাজার থেকে আটঘড়িয়া পর্যন্ত তিন কিলোমিটারের সংস্কারকাজ সম্পন্ন করা হলেও রাস্তার বাকি অংশ সংস্কার করা হয়নি। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ধানগড়া ও ঘুড়কা ইউনিয়নের ১০টি গ্রামের কয়েক হাজার মানুষকে।

জয়ানপুর গ্রামের আবদুস সালাম বলেন, পাকা রাস্তার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। ইট-খোয়ার কারণে রাস্তার এই অংশে চলাচল করতে ভোগান্তিতে পড়তে হয়। রিকশাভ্যানচালক আশরাফ আলী বলেন, রাস্তার এই অংশের কাজ ফেলে রাখায় কষ্ট কমেনি। প্রতিদিনই ভাঙা এ রাস্তায় চলাচল করতে গিয়ে গাড়ি আর শরীরের অবস্থা কাহিল হয়ে পড়ে।

ভাড়ার মোটরসাইকেলচালক ইমরোজ সরকার বলেন, ‘যাত্রী পেলেও রাস্তার কারণে এদিকে আসি না।’ একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা কামরুল হাসান বলেন, এই সড়ক দিয়ে উপজেলা সদর থেকে ঘুড়কা ইউনিয়ন পরিষদের দূরত্ব ৮ কিলোমিটার। অথচ রাস্তা খারাপ হওয়ার কারণে ১২ কিলোমিটার ঘুরে যেতে হয়। একই ধরনের কথা বলেন উপজেলার আরও পাঁচজন বাসিন্দা।

ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম বলেন, গত বছর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর তিন কিলোমিটার সংস্কার করা হয়েছে। বাকিটুকু সংস্কার করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী আবদুল বাছেদ বলেন, অর্থ প্রাপ্তিসাপেক্ষে রাস্তার বাকিটুকু সংস্কার করা হবে।