রাস্তায় প্রতিদিন মাছি ও পাখির মতো মানুষ মরে: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিরাপদ বাংলাদেশ গড়তে হলে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। এ দেশের রাস্তায় প্রতিদিন মাছির মতো, পাখির মতো মানুষ মরে। অনেক ক্ষেত্রে তাদের ভাগ্যে দাফন-কাফন জোটে না। তাদের পরিচয়ও অনেকে জানে না। তবে বিখ্যাত লোকের মৃত্যু হলে আলোচনার ঝড় বয়ে যায়। গাজীপুর পৌরসভার হলরুমে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় গতকাল বুধবার প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ‘নিরাপদ সড়ক চাই’ গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক লোকমান হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল বাতেন, নিরাপদ সড়ক চাইর (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী, গাজীপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবদুল করিম প্রমুখ। আমেরিকান সেন্টার, আমেরিকান দূতাবাস ও নিসচার যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবন আমাদের হাতছাড়া হয়ে গেল। কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে ‘“সুন্দরবনকে ভোট দিন” এ কথা কে বলেছে, তা আমার জানা নেই। “নিরাপদ সড়ক চাই” স্লোগান কি কোনো রাজনৈতিক দল তুলেছে? এটা কি শুধু ইলিয়াস কাঞ্চনের দায়িত্ব? আমাদের কোনো দায়িত্ব নেই?’মন্ত্রী আরও বলেন, কিছু চালক বেপরোয়া, তাঁরা লাশ ফেলছে রাজপথে। আর কিছু নেতা বেপরোয়া, তাঁরা গণতন্ত্রকে লাশ বানাচ্ছে সংসদে। রাজনৈতিক নেতাদের শালীনতায় ফিরে আসতে হবে। ইলিয়াস কাঞ্চন বলেন, আগে দোতলা বাস ছিল। কিন্তু বর্তমানে তা দেখা যাচ্ছে না। রাস্তায় দোতলা বাস আরও বাড়ানো হলে যানজটও কম হতো। এর আগে নিরাপদ সড়ক চাইর গাজীপুর শাখার উদ্যোগে একটি শোভাযাত্রা জেলা শহরের রাজবাড়ি থেকে শিববাড়ি পর্যন্ত প্রদক্ষিণ করে। কর্মশালায় জেলার দেড় শতাধিক চালককে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় যোগ দেওয়ার আগে মন্ত্রী নবীনগর-চন্দ্রা ও চন্দ্রা-গাজীপুর মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন।