রাস্তায় প্রতীকী রক্ত ঢেলে মোতালেব হত্যার বিচার দাবি
রাস্তায় প্রতীকী রক্ত ঢেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন হত্যার বিচার চেয়েছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
মোতালেব হত্যা মামলার দ্রুত অগ্রগতি ও সুষ্ঠু বিচার দাবি করে শিক্ষার্থীরা বলেন, মোতালেব হত্যাকাণ্ডের প্রায় এক মাস পূর্ণ হতে চলল। কিন্তু এ হত্যা মামলার দৃশ্যত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। পুলিশি পাহারায় থাকা হলের ভেতরে যখন একজন শিক্ষার্থী খুন হন, তখন এই ক্যাম্পাসে যখন-তখন খুন হতে পারে। কিন্তু তখনো দেখা যাবে প্রশাসন চোখ বুজে ঘুমাচ্ছে।
এর আগে শিক্ষার্থীরা বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মামলার অগ্রগতির বিষয়ে তদন্ত কর্মকর্তা মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘মোতালেবের রুমমেট মনিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকাজ চলছে। তদন্ত শেষ করতে একটু সময় লাগবে।’