রাস্তায় প্রাচীর, পথ চেয়ে আদালতে মামলা
রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের চাপড়ামোহামঞ্চদপুর গ্রামে জনগণের চলাচলের পথ বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় এলাকাবাসী রাস্তা চেয়ে আদালতে মামলা করেছেন।মামলার বাদী জোনাব আলী সিদ্দিকী বলেন, আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে আসামি চাপড়ামোহামঞ্চদপুর গ্রামের আবদুল হাকিম ও তাঁর ছেলে আবদুল করিম সরকারি জমির ওপর প্রাচীর নির্মাণ করেছেন। তবে আসামি আবদুল হাকিম ও আবদুল করিম এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁরা নিজেদের জমির ওপরই প্রাচীর নির্মাণ করেছেন। গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, প্রাচীরের কারণে লোকজনের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। গণিপুর ইউপি সদস্য আমজাদ হোসেন, স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম, কায়েম উদ্দিন, ইয়াদ আলীসহ কয়েকজন জানান, রাস্তা বন্ধ করে দেওয়ায় তাঁদের চলাচলে সমস্যা হচ্ছে। আগে সহজে ওই রাস্তা দিয়ে মালামাল আনা-নেওয়া করা গেলেও এখন তা সম্ভব হচ্ছে না। মামলার সংক্ষিপ্ত বিবরণ ও লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গণিপুর ইউনিয়নের চাপড়ামোহামঞ্চদপুর গ্রামের রাস্তা দিয়ে আশপাশের আক্কেলপুর, জামালপুর, গঙ্গানারায়ণপুর, আচিনঘাট ও চান্দেরআড়া গ্রামের লোকজন কয়েক যুগ ধরে চলাচল করে। চাপড়ামোহামঞ্চদপুর গ্রামের আবদুল হাকিম ও তাঁর ছেলে আবদুল করিম বাড়ি নির্মাণের জন্য গত সেপ্টেম্বর মাসের শুরুতে নির্মাণসামগ্রী এনে রাস্তার ওপর ফেলে রাখেন। পরে তাঁরা রাস্তার ওপর ইটের প্রাচীর নির্মাণ করেন।এ সময় স্থানীয় লোকজন তাঁদের রাস্তা বাদ রেখে প্রাচীর নির্মাণ করার অনুরোধ করলেও তাঁরা শোনেননি। ফলে ওই পথ দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসী রাস্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন। এতে কোনো প্রতিকার না হওয়ায় ১৩ সেপ্টেম্বর এলাকাবাসীর পক্ষে চাপড়ামোহামঞ্চদপুর গ্রামের জোনাব আলী সিদ্দিকী প্রাচীর অপসারণ ও জনগণের চলাচলের জন্য রাস্তা চেয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বাগমারার ইউএনও এবং জনসাধারণের চলাচলে কোনো প্রতিবন্ধকতা যাতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।বাগমারা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, রাস্তার ওপর প্রাচীর নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান বলেন, সরেজমিনে তদন্ত করে দেখা গেছে ওই রাস্তা সরকারি খাসজমির ওপর। ওই রাস্তার জমি দখল করেই প্রাচীর নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে একটি প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।