বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই উপপরিদর্শককে (এসআই) গতকাল শনিবার সাময়িক বরখাস্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এদিকে গতকাল বিকাশ দাসকে হাসপাতালে দেখে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, তাঁকে ভয়াবহ নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, ‘মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ’ একটি ভয়ানক উক্তি। কোনো বাহিনীর ঔদ্ধত্যের চরম পর্যায়ে গেলে এ ধরনের উক্তি করা সম্ভব। তবে পরে রাতে ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত অফিস এক আদেশে বলা হয়েছে, রাস্তায় পড়ে গিয়ে সামান্য আহত হয়েছেন বিকাশ।
এক সপ্তাহের মধ্যে রাজধানীর মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানা এলাকায় দুটি নির্যাতনের ঘটনা মানুষকে নাড়া দিয়েছে। এর মধ্যে ৯ জানুয়ারি রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে মারধর ও ‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়েছিল মোহাম্মদপুর থানার পুলিশ। অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে গতকাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যাংক কর্মকর্তা রাব্বী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই ঘটনার তদন্ত এক সপ্তাহেও শেষ হয়নি। ল্যাবএইড হাসপাতালের সমন্বয়ক ইখতিয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, বিকাশ চন্দ্র দাসের অবস্থা স্থিতিশীল আছে; তবে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
এর মধ্যেই গত শুক্রবার ভোরে সিটি করপোরেশনের পরিদর্শক পরিচ্ছন্নতা কাজ তদারকিতে বের হলে মীরহাজিরবাগ এলাকায় যাত্রাবাড়ী থানার পুলিশের একটি দল তাঁকে বেধড়ক মারধর করে। শুক্রবার দিনভর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন থাকার পর বিকেলে তাঁকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। ওই ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই আরশাদ হোসেনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
এরপর গতকাল ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, যাত্রাবাড়ী থানার এসআই আরশাদ হোসেনের নেতৃত্বে ছিনতাই প্রতিরোধ দল টহলরত অবস্থায় ভোর সাড়ে চারটার দিকে একটি মোটরসাইকেল ওই এলাকা দিয়ে একাধিকবার যাতায়াত করলে পুলিশের সন্দেহ হয়। পুলিশের সদস্যরা মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে আরোহী সংকেত অমান্য করে রাস্তায় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁকে ধাওয়া করেন এবং গতিরোধের জন্য পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি রাস্তায় পড়ে সামান্য আহত হন। ওই ঘটনায় ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত চলাকালে ঘটনা নিয়ে মন্তব্য করলেন ডিএমপি কমিশনার।
গণমাধ্যমে এই দুটি নির্যাতনের ঘটনা প্রকাশিত হওয়ার পর অনেক মানুষ পুলিশের সঙ্গে তাঁদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, অনলাইন সংবাদমাধ্যমের মন্তব্যের অংশে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান প্রথম আলোকে বলেন, ‘সাধারণ নাগরিক হিসেবে বলব, পুলিশের কাছে প্রত্যাশিত আচরণ পাই না। তবে অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে আবার অবস্থাটা অন্য রকম হয়। আমি ঢালাও বলতে চাই না। পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের (কনস্টেবল থেকে এসআই) নিয়োগ-প্রক্রিয়া থেকে সমস্যার সূত্রপাত। যোগ্যরা বাদ পড়ছেন। আর অযোগ্য যাঁরা নিয়োগ পাচ্ছেন, তাঁদের সেবাটা নিয়ে প্রশ্ন উঠছে।’
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এখন আর নিয়ন্ত্রণে রাখতে পারছে না সরকার। এ জন্য এ ঘটনাগুলো ঘটছে। পত্রিকায় দেখলাম, পুলিশ এখন ভাবছে তারা রাজা। এগুলো খুব ভয়ংকর।
বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, এর থেকে ন্যক্কারজনক ঘটনা আর কী হতে পারে। যাদের হাতে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তারা কীভাবে এ রকম আচরণ করতে পারেন।
এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের নিয়মিতভাবে বলা হচ্ছে, কাউন্সেলিং করা হচ্ছে। পুলিশের কোনো সদস্যের ব্যক্তিগত বিচ্যুতি বা অপরাধের দায় নেবে না বাহিনী। মোহাম্মদপুরে ব্যাংক কর্মকর্তা ও যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্রের ওপর পুলিশি নির্যাতনের বিষয়ে বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
নির্দেশ অমান্য করে পুলিশ সিভিল টিম পরিচালনা করছে কি না, জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, সিভিল টিমের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সিভিল টিম পরিচালনা আর সাদাপোশাকে কর্তব্য পালন এক বিষয় নয়। কৌশলগত কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে সাদাপোশাকে অভিযান চালানো যেতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলোয় এই বিষয়টির ব্যত্যয় ঘটেছে কি না, তা তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।
এদিকে গতকাল টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকও দোষী পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, ‘পুলিশ একটি শৃঙ্খলা বাহিনী। এর কোনো সদস্য যদি ন্যূনতম অপরাধ করেন, সেটা আমরা আমলে নিই। তাঁদের কোনো রকম অনুকম্পা দেখানো হয় না।’