
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে ১৫ বছর। এত বছর পার হলেও ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা ঠিক করতে পারেনি পৌরসভা কর্তৃপক্ষ। রাস্তার পাশে খোলা জায়গায় আবর্জনা ফেলা হচ্ছে। দুর্গন্ধে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, ২০০১ সালের ২৫ জুলাই সোনারগাঁ পৌরসভা গঠিত হয়। এরপর থেকে পৌরবাসী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কাছে দাবি জানিয়ে আসছে। পৌরসভার নয়টি ওয়ার্ডে ৫৪টি মহল্লা আছে। এ পৌরসভায় মোট জনসংখ্যা ৩২ হাজার ৭৯৬। পৌর এলাকায় সাতটি শিল্পপ্রতিষ্ঠান ও ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি সরকারি হাসপাতালসহ সাতটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আছে। সোনারগাঁ উপজেলা সদর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পানাম নগর, ঐতিহাসিক গোয়ালদী শাহি মসজিদসহ বিভিন্ন পুরাকীর্তি এ পৌরসভার ভেতরে পড়েছে। প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকেরা সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে আসেন। সোনারগাঁয়ে এসে আবর্জনার দুর্গন্ধে পর্যটকেরা নাকাল হন।
এলাকাবাসী ও পৌরসভা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, সোনারগাঁ পৌরসভায় কাগজ-কলমে দুটি ডাস্টবিন, একটি ডাম্পিং স্টেশন থাকলেও বাস্তবে এগুলোর অস্তিত্ব নেই। ট্রাক ও ভ্যান চালানোর লোকবল না থাকায় পৌরসভা কার্যালয়ের সামনে এগুলো বিকল হয়ে পড়ে আছে।
গত সোমবার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, নাগরিকেরা ময়লা-আবর্জনা সড়কের পাশে, আবার অনেকে পার্শ্ববর্তী খাল ও পুকুরে ফেলছেন। আবর্জনার স্তূপ বেশি হয়ে গেলে দুর্গন্ধে অসহনীয় অবস্থার সৃষ্টি হয়। নাগরিকেরা নিজ উদ্যোগে রিকশা-ভ্যানে করে এসব আবর্জনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নিয়ে ফেলছেন। আবার অনেকে আবর্জনা মেনিখালী নদে ফেলছেন। পৌরবাসী ও পাশের মোগরাপাড়া চৌরাস্তার কাঁচাবাজারের ব্যবসায়ীদের ফেলা আবর্জনার স্তূপের কারণে মহাসড়কে চলাচলকারী মানুষকে নাক চেপে থাকতে হয়। তা ছাড়া পথচারীরা হেঁটে মহাসড়ক দিয়ে চলাচল করতে পারছে না। আবর্জনার স্তূপে মহাসড়কের জায়গা সরু হয়ে গেছে।
সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন বলেন, পৌর এলাকায় বর্জ্যব্যবস্থাপনা গড়ে না ওঠায় দুর্গন্ধে এলাকার পরিবেশ দুর্বিষহ হয়ে উঠেছে। এটি এখন পৌরবাসীর প্রধান সমস্যা।
পৌরসভার প্যানেল মেয়র নাসিম পাশা বলেন, ‘আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় প্রতিদিন আমাদের নাগরিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয়।’
জয়রামপুর গ্রামের বাসিন্দা সেন্টু মোল্লা বলেন, প্রতিটি নির্বাচনের আগে প্রার্থীরা ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে নির্বাচনের পর সবাই তা ভুলে যান।
সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল বলেন, নাগরিকদের ন্যূনতম সুবিধা না দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ কর আদায় করছে। অথচ বর্জ্যব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে না। বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের শামিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, এই পৌরসভার নাগরিকেরা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ। পর্যটনশিল্প ও নাগরিকদের কথা বিবেচনায় নিয়ে পৌর কর্তৃপক্ষের উচিত অবিলম্বে বর্জ্যব্যবস্থাপনা গড়ে তোলা।
জানতে চাইলে সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, ‘আমরা এ বছরের মধ্যে বর্জ্যব্যবস্থাপনার সমস্যা দূর করার চেষ্টা করব।’