রাস্তায় বসতেও পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাথরঘাটা ফিশারিঘাটসংলগ্ন রাস্তার ওপর মাছ বিক্রিতে বাধা দিচ্ছে কোতোয়ালি থানা-পুলিশ। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানা-পুলিশ গত বুধ ও বৃহস্পতিবার দিবাগত রাতে সেখানে বাধা দেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পাথরঘাটা ফিশারিঘাটে মাছ বিক্রির ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরপর পাইকারি মাছ বিক্রেতারা ফিশারিঘাটসংলগ্ন রাস্তায় মাছ বিক্রি করে আসছেন। এতে স্থানীয় এলাকাবাসীর যাতায়াতে সমস্যা হচ্ছে। এ ব্যাপারে তাঁরা লিখিত আবেদন জানিয়েছেন। এরপর আমরা বুধ ও বৃহস্পতিবার রাতে ফিশারিঘাটে যাই। মাছ ব্যবসায়ীদের রাস্তা থেকে সরে যেতে বলেছি।’

বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির আবেদনের পর চট্টগ্রামের জ্যেষ্ঠ সহকারী জজ রুবায়েত ফেরদৌস গত ২১ জুন পাথরঘাটা ফিশারিঘাটে মাছ ব্যবসার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। এ-সংক্রান্ত আদেশের কপি কোতোয়ালি থানা-পুলিশ হাতে পায় গত ৩০ জুন। এরপর পুলিশ ফিশারিঘাটের মূল চত্বর নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ফলে পাইকারি ব্যবসায়ীরা ৩০ জুন থেকে ফিশারিঘাটসংলগ্ন রাস্তায় মাছ বেচাকেনা করে আসছেন।

পাথরঘাটার মাছ ব্যবসায়ী সামশুল আলম প্রথম আলোকে বলেন, ‘ফিশারিঘাটে মাছ ব্যবসা না করতে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। আমরা আদালতের আদেশের প্রতি সম্মান করে রাস্তায় মাছ বিক্রি করে আসছি। কিন্তু ফিশারিঘাটের পার্শ্ববর্তী রাস্তার পাশে মাছ বিক্রির ওপর আদালতের নিষেধাজ্ঞা নেই। অথচ পুলিশ দুই রাতে আমাদের বাধা দিয়েছে।’

সামশুল আলম আরও বলেন, ‘নিষেধাজ্ঞা বাতিল চেয়ে আমরা জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেছি। আশা করছি, শিগগির আমাদের পক্ষে আদেশ পাব। কারণ, নিষেধাজ্ঞার কারণে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাছ আসা চট্টগ্রামে কমে গেছে। এতে স্থানীয় বাজারে মাছের দামও বেড়ে গেছে।’

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি পাথরঘাটার মাছের আড়ত বাকলিয়ার চর চাক্তাই এলাকায় সরিয়ে নেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ কারণে ইকবাল রোডের ফিশারিঘাটে পাইকারি মাছ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত ১৫ মার্চ নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী পাথরঘাটায় সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির ব্যানারে সমাবেশ করে সেখানে আবার মাছের আড়ত চালুর ঘোষণা দেন। পরদিন ১৬ মার্চ ভোর থেকে আবার সেখানে মাছের পাইকারি ব্যবসা শুরু হয়। আদালতের নিষেধাজ্ঞার কারণে ৩০ জুন থেকে ফিশারিঘাটে মাছ ব্যবসা বন্ধ রয়েছে।