মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও অনুষ্ঠানস্থলগুলোতে পুলিশের সঙ্গে সাদা পোশাকের পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। আর নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাৎক্ষণিক নিরাপত্তা চৌকি বসানো হবে।মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বস্তরের নাগরিক ফুল দেন চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এ উপলক্ষে শহীদ মিনারকে ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাবেষ্টনী। আর নগরের বিভিন্ন জায়গায় বিজয় দিবসের কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাংস্কৃতিক গোষ্ঠী। সেখানেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (সদর) বনজ কুমার মজুমদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা নিয়মিত পুলিশের সদস্যের বাইরে আরও পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করেছি। আর নগরের বিভিন্ন মোড়ে তাৎক্ষণিক চেকপোস্ট (নিরাপত্তা চৌকি) বসানো হচ্ছে, যাতে কেউ অঘটন ঘটাতে না পারে।’পুলিশ সূত্র জানায়, পুলিশের পাশাপাশি র্যা ব-৭-এর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। তাঁরাও চট্টগ্রামে বিজয় দিবসের কর্মসূচি নির্বিঘ্ন করতে নগরে টহল জোরদার করেছেন।