রাস্তায় বাঁশের বেড়া
বগুড়ার কাহালু উপজেলার ঢেকড়া গ্রামে একটি রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে প্রায় সাড়ে তিন মাস ধরে ছয়টি পরিবারের লোকজনের চলাচলে বাধার সৃষ্টি করেছে প্রভাবশালীরা। বর্তমানে এসব পরিবারের লোকজন ওই রাস্তার পাশের ঘরের চালের নিচে সরু জায়গা দিয়ে কোনোমতে চলাচল করলেও জিনিসপত্র আনানেওয়া করতে পারছেন না। ভুক্তভোগিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানায় অভিযোগ করলেও কোনো কাজ হয়নি। ৮ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, ঢেকড়া গ্রামের নিরেন্দ্র নাথ প্রামাণিকের বাড়ির পূর্ব দিকের প্রায় ৩০ ফুট রাস্তার পর সুকুমার চন্দ্র মণ্ডল ও তাঁর পাঁচ ভাই পৃথক বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এবারের ইউপি নির্বাচনের পরপরই নিরেন্দ্র নাথ তাঁর বাড়ির উঠানের ওপর বাঁশের বেড়া দিয়ে ওই ছয়টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেন। বেড়া দেওয়ার সময় সুকুমার চন্দ্র মণ্ডল ও তাঁর পাঁচ ভাই বাধা দিলে নিরেন্দ্র নাথ তাঁদের ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। সুকুমার চন্দ্র মণ্ডল এর প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করায় চেয়ারম্যান উভয় পক্ষের উপস্থিতিতে গ্রাম আদালতে গত ২০ অক্টোবর রায় দিয়ে ওই বেড়া তুলে নেওয়ার জন্য ইউপির নারী সদস্য রেণু বালাকে দায়িত্ব দেন। রেণু বালা বেড়া তোলার চেষ্টা করেও তাঁদের বাধার মুখে ব্যর্থ্য হন। পরে সুকুমার এ ব্যাপারে ৫ নভেম্বর কাহালু থানায় অভিযোগ দেন।সুকুমার চন্দ্র মণ্ডল বলেন, ‘এবার ইউপি নির্বাচনে মেম্বার পদে একজনকে সমর্থন করি। আর নিরেন্দ্র নাথ প্রামাণিক যাকে সমর্থন করেছেন তিনি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তাঁরা আমাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন করছেন; ১০০ বছরের চলাচলের রাস্তার ওপর বেড়া দিয়েছেন। আমরা রাস্তার পাশে ঘরের চালের নিচে সরু জায়গা দিয়ে কোনো রকম চলাচল করছি। বাড়ি থেকে গরু-বাছুর, লাঙ্গল-জোয়াল বের করতে এবং গোলার ধানও বিক্রি করতে পারছি না। খেতে ধান কাটা শুরু হয়েছে, কিন্তু আমরা ধান কাটতে পারছি না।’নিরেন্দ্র নাথ প্রামাণিক বলেন, ‘আমার বাড়ির উঠানের ওপর বেড়া দিয়েছি, কারও রাস্তা বন্ধ করিনি।’দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসুদ হাসান বলেন, ‘অভিযোগ পেয়ে গ্রাম আদালতে উভয় পক্ষের উপস্থিতিতে রায় দিয়ে বেড়া তুলে নিতে মহিলা মেম্বারকে দায়িত্ব দিয়েছি। এরপর রায় না মানায় মামলা করার জন্য সুকুমারকে পরামর্শ দিয়েছি।’কাহালু থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ‘অভিযোগটি থানায় জিডি করা হয়েছে। বাদীকে এব্যাপারে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া ছাড়া আমাদের করার কিছু নেই।’