রাস্তায় বিটুমিনের প্রলেপ দেওয়ার দুই দিনের মধ্যে ঘাস
পাকা রাস্তা সংস্কারে সিলকোট (বিটুমিনের প্রলেপবিশেষ) করার দুই দিনের মধ্যে ওই স্থানে ঘাস গজিয়েছে। বরিশাল সার্কিট হাউসের সীমানার ভেতর নতুন ভবনের সামনে উত্তর দিকের রাস্তার প্রায় ১০০ মিটার অংশে এই ঘাস দেখা যাচ্ছে। গণপূর্ত অধিদপ্তরের অধীনে চলছে এই সংস্কারকাজ। বরিশাল গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, সার্কিট হাউসের ভেতর রাস্তা সংস্কারে প্রায় পাঁচ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে আংশিক কার্পেটিং, আংশিক সিসি ঢালাই ও সিলকোটের কাজ চলছে। বশির আহম্মেদ ওরফে ঝুনু নামের একজন ঠিকাদার গত ১৭ মে থেকে কাজটি করছেন। প্রথম দিন উত্তর পাশের ওই রাস্তায় এক হাজার মিটার অংশে সিলকোট করা হয়। দুই দিনের মাথায় ওই রাস্তার সিলকোট করা প্রায় ১০০ মিটার অংশে সবুজ ঘাস গজায়। গতকাল বৃহস্পতিবার সার্কিট হাউসে গিয়ে ওই রাস্তার অংশবিশেষে সবুজ ঘাস দেখা যায়। এ ব্যাপারে গণপূর্ত অধিদপ্তর বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলেন। নির্বাহী প্রকৌশলী ওই স্থান পরিদর্শন করে বলেন, কাজ যথাযথভাবে না হওয়ায় এমনটি হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে পুনরায় কাজটি করে দিতে হবে। ঠিকাদার বশির আহম্মেদ প্রথম আলোকে বলেন, রাস্তায় আগে থেকে ঘাস থাকলে সিলকোট করার পর অনেক সময় তা উঠে আসতে পারে। পুরো কাজের মধ্যে শুধু এই একটি অংশে এমন হয়েছে। কাজ করার সময় আমি সেখানে ছিলাম না। রাস্তায় যে ঘাস আছে, সিলকোট করার সময় শ্রমিকেরা হয়তো খেয়াল করেনি। তবে আমি ওই অংশের কাজ আবার করে দেব।