রাস্তায় বেড়া চারা রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম বাহাদুরপুর গ্রামে বাঁশের বেড়া এবং গাছের চারা রোপণ করে একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন দুর্ভোগে পড়েছে। এ ব্যাপারে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগ ও স্থানীয় সূত্রমতে, পশ্চিম বাহাদুরপুর গ্রামে প্রবেশের রাস্তাটি শতাধিক বছরের পুরোনো। ওই রাস্তা দিয়ে পশ্চিম বাহাদুরপুর, দুর্গাপুর ও বাহাদুরপুর গ্রামের প্রায় ২০০ পরিবারের লোকজন প্রতিদিন উপজেলা সদরসহ অন্যান্য এলাকায় চলাচল করে। পশ্চিম বাহাদুরপুরের বাসিন্দা আবদুল আজিজ ১ আগস্ট তাঁর বাড়ির সামনে রাস্তাটির কিছু জায়গা ঘিরে বাঁশের বেড়া দেন। এ সময় লোকজন আপত্তি করলেও তিনি শোনেননি। পরে ৬ আগস্ট আজিজ লোকজন দিয়ে বেড়ার ভেতরের অংশে আনারস, নারকেল ও কলাগাছের বেশ কিছু চারা রোপণ করেন।এদিকে বেড়া দেওয়ার ঘটনায় ৪ আগস্ট গ্রামবাসীর পক্ষ থেকে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।৭ আগস্ট ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সী লোকজন বেড়ার এক পাশে অবস্থিত ঝোপঝাড় দিয়ে চলাচল করছে।আবদুল আজিজ বলেন, ১৯৮৫ সালে তিনি পাশের শাহপুর গ্রাম থেকে এসে পশ্চিম বাহাদুরপুরে বসতি করেন। বেড়া দেওয়া অংশটির মালিকানা তাঁর। ওই অংশে কোনো রাস্তা নেই বলে তিনি দাবি করেন।গ্রামের বাসিন্দা ও স্কুলশিক্ষক নিবারণ চন্দ্র নাথ গতকাল শনিবার বিকেলে বলেন, ‘এখনো বেড়াটি সরানো হয়নি। লোকজন প্রচণ্ড দুর্ভোগে আছে।’অভিযোগ ও পুলিশের পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘বাদী-বিবাদীদের সোমবার (কাল) বেলা ১১টায় থানায় ডাকা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’