রাস্তায় ভিক্ষাবৃত্তি বন্ধে উচ্চপর্যায়ের কমিটি
রাজধানীর রাস্তায় ভিক্ষাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির অন্য সদস্যরা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আলম আরা ও সাঈদ মোহাম্মদ বেলাল হায়দার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, এই কমিটি ভিক্ষাবৃত্তির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে এবং ভিক্ষুকদের পুনর্বাসনে সুপারিশ করবে।গতকাল বৃহস্পতিবার ‘বরাদ্দ থাকার পরও ঝুলে আছে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প’ ও গত ৩০ ডিসেম্বর ‘শিশুদের পঙ্গু করে নামানো হচ্ছে ভিক্ষায়’ শিরোনামে প্রথম আলোয় দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন নজরে এনে এবং ভিক্ষাবৃত্তি বন্ধের ব্যাপারে আদালতের নির্দেশ থাকায় এ কমিটি গঠন করা হয়েছে।৯ জানুয়ারি ভিক্ষাবৃত্তি বন্ধ করার নির্দেশ দেন হাইকোর্ট। এ ব্যাপারে অবিলম্বে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সে সময় ভিক্ষাবৃত্তি বন্ধে কমিটি গঠন ও এর কার্যক্রমের অগ্রগতি স্বরাষ্ট্রসচিবকে জানাতে বলা হয়। সার্বিক বিষয়ের অগ্রগতি শুনানির জন্য ৯ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।