রাস্তায় মঞ্চ, বাস-ট্রাকের প্রতিবন্ধকে জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের শিরোইল এলাকায় শহীদ এএইচএম কামরুজ্জামান বাস টার্মিনালের সামনে সড়কের ওপরে সমাবেশের মঞ্চ এবং তার সামনে বাস-ট্রাকের ব্যারিকেড। মোটরসাইকেল কিংবা বাইসাইকেল নিয়েও পার হওয়ার কোনো উপায় নেই। এভাবেই গতকাল রাজশাহীতে ২৯ ঘণ্টার প্রতীকী পরিবহন ধর্মঘট ও সমাবেশ হয়েছে। এতে মানুষ চরম দুর্ভোগের শিকার হন। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এই ধর্মঘটের ডাক দেয়।
নছিমন, করিমন, ভটভটি বন্ধ ও পুলিিশ হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার বিকেল তিনটা থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়ে শুরু করা হয় ২৯ ঘণ্টার প্রতীকী পরিবহন ধর্মঘট। চলে কাল বুধবার রাত আটটা পর্যন্ত।
১৫ মে এক সংবাদ সম্মেলনে এই সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে নছিমন, করিমন, ভটভটি, পাওয়ার ট্রিলার, ট্রাক্টরসহ অবৈধ যানবাহন বন্ধ করা না হলে ২০ মে মঙ্গলবার বিকেল তিনটা থেকে ২১ মে রাত আটটা পর্যন্ত প্রতীকী পরিবহন ধর্মঘট ডাকা হবে। একই দাবিতে আজ বৃহস্পতিবার তিনটায় নগরের শহীদ কামরুজ্জামান কেন্দ্রীয় বাস টার্মিনালের রাস্তায় বিকেলে শ্রমিক সমাবেশ ডাকা হয়েছে৷ এ উপলক্ষে গতকাল থেকে মঞ্চ তৈরি করা হয়। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশ চলছিল।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান বলেন, বাস-ট্রাকমালিক-শ্রমিক ঐক্য পরিষদের ছয় দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে যোগদান নিশ্চিত করতেই প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ওই সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে।
এদিকে, মঙ্গলবার বিকেলের পর থেকে রাজশাহী থেকে আন্তজেলা ও দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। কেউ কেউ অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেনে চেপেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করছেন। কেউ দ্বিগুণ ভাড়া দিয়ে অটোরিকশা নিয়ে কর্মস্থলে গিয়েছেন।
স্কুল শিক্ষিকা দুলারী খাতুন জানান, গতকাল দুপুরে রাজশাহী আসার জন্য তিনি বাঘা থেকে বের হয়ে বাস না পেয়ে চরম বিপাকে পড়েন। বাধ্য হয়ে ভটভটি ও অটোরিকশা ধরে দ্বিগুণ ভাড়া দিয়ে দ্বিগুণ সময়ে রাজশাহীতে এসে পৌঁছেছেন।
এদিকে নগরের ভেতরে সড়ক বন্ধ করে দেওয়ায় নগরবাসী চরম দুর্ভোগের শিকার হন। তাঁদের নগরের অন্য রাস্তা ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।