রাস্তায় মরণফাঁদ!
ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর গ্রামের কাকলি মোড়ের একটি কালভার্টে গর্ত সৃষ্টি হয়েছে। এ কারণে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের এই কালভার্টটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দুই মাস আগে সৃষ্টি হওয়া এই গর্তে যানবাহন পড়ে এ পর্যন্ত বেশ কিছু লোক আহত হয়েছে। গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, কালভার্টটির মাঝখানে বিশাল গর্ত। গর্ত এড়িয়ে চলতে যানবাহন চালকদের সতর্ক করার জন্য এর দুই পাশে মাটির দুটি উঁচু ঢিপি তৈরি করা হয়েছে। সেই গর্ত এড়িয়ে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলছে। বাসের চালক আবদুর রহমান বলেন, ‘গর্তটির জন্য মোড়টি খুব সাবধানে পার হতে হয়। একটু অসাবধান হলেই বাসের চাকা চলে যায় গর্তে।’ এলাকার বাসিন্দা মংলু বর্মণ বলেন, এই গর্তের কারণে অনেক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। গর্তটি দিন দিন বড় হয়ে যাচ্ছে। আরেক বাসিন্দা সহিরুল জানান, গত সপ্তাহে সাত-আটজন মোটরসাইকেলচালক এই গর্তে পড়ে আহত হয়েছেন।সড়ক ও জনপথ অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের সহকারী প্রকৌশলী মোবাস্বের আলী জানান, কালভার্টটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।