রাস্তায় মাত্রাছাড়া দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌচাক, মালিবাগ এলাকায় উড়ালসড়কের কাজের জন্য রাস্তা বেহাল। ছবিটি গতকাল মালিবাগ থেকে তোলা l ছবি: প্রথম আলো
মৌচাক, মালিবাগ এলাকায় উড়ালসড়কের কাজের জন্য রাস্তা বেহাল। ছবিটি গতকাল মালিবাগ থেকে তোলা l ছবি: প্রথম আলো

কাকরাইল থেকে সকালবেলায় বাসে বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যান শিক্ষার্থী সামিরা সুলতানা। ফেরেনও বাসে। কিন্তু ফেরার পথে মালিবাগ চৌধুরীপাড়া থেকে শান্তিনগর পর্যন্ত পৌঁছতে মাঝে মাঝে দুই ঘণ্টাও লেগে যায়।
সামিরা প্রায়ই বাস থেকে নেমে পড়েন। হাঁটতে থাকেন। কিন্তু হাঁটতে গিয়ে তাঁকে একটু পরপর হোঁচট খেতে হয়। ফুটপাত ও সড়ক খানাখন্দে ভরা। উপরন্তু চারদিক ধুলায় আচ্ছন্ন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মৌচাক মার্কেট এলাকায় মায়ের সঙ্গে এসেছিলেন তিনি। প্রতিদিন যাতায়াতের দুর্ভোগের বর্ণনা দিতে গিয়ে তাঁর কণ্ঠে একরাশ হতাশা ফুটে ওঠে, ‘এখানে ফ্লাইওভার নির্মাণকাজ আর কত দিন চলবে? সামনে বর্ষা আসছে, দুর্ভোগ তো আরও বেড়ে যাবে।’
ভোগান্তি শুধু একজন সামিরার নয়, লাখ লাখ মানুষ তিন বছরেরও বেশি সময় ধরে নিরুপায়ভাবে সহ্য করছে ‘মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার’-এর নির্মাণকালীন দুর্ভোগ। উড়ালসড়কের নিচের রাস্তায় অব্যবস্থাপনার কারণে দুর্ভোগের মাত্রা ছাড়িয়ে গেছে বলে ভুক্তভোগীরা মনে করেন।
২০১১ সালের ৮ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭৭২ দশমিক ৭৭ কোটি টাকা ব্যয়ে ‘মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার’ নির্মাণের অনুমোদন দেওয়া হয়। তবে এর উদ্বোধন হয় ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি। এই প্রকল্পে মোট ব্যয়ের মধ্যে সৌদি ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ৩৭৫ কোটি, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ১৯৭ কোটি এবং বাংলাদেশ সরকার ২০১ কোটি টাকা অর্থায়ন করছে। উড়ালসড়ক বাস্তবায়নকারী কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তিন বছর ধরে কাজ চললেও আগামী বুধবার এই উড়ালসড়কের প্রায় ৪ ভাগের ১ ভাগ অংশ চালু হচ্ছে।
গতকাল মালিবাগ এলাকায় দেখা যায়, রাস্তার মাঝখানে বিশাল বিশাল গর্ত। যেন পুকুর। রাস্তায় পড়ে আছে রড। স্তূপাকার করে রাখা হয়েছে মাটি, কংক্রিট স্ল্যাবের বড় বড় টুকরা। সরকারি ছুটির দিন বলে যানবাহন কম। তারপরও একটির পর একটি বাস যাচ্ছে আর চারদিক ধুলায় ভরে যাচ্ছে। এবড়োখেবড়ো রাস্তায় বাসগুলো চলছে যেন লাফিয়ে লাফিয়ে। মালিবাগ চৌধুরীপাড়া থেকে মৌচাক মোড় হয়ে মগবাজার মোড় পর্যন্ত এই অবস্থা।
মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের একটু সামনে বিশাল গর্ত করা হয়েছিল। সে গর্ত ভরাট করা হলেও এখন পর্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। হোসাফ টাওয়ারের একজন দোকানি জানান, এখানে মাঝে মাঝে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকে। রিকশা, মোটরসাইকেল গর্তে পড়ে যাওয়ার ঘটনা ঘটে নিয়মিত।
রামপুরা থেকে চৌধুরীপাড়া মালিবাগ হয়ে মৌচাক পর্যন্ত উড়ালসড়কের অংশটি নির্মাণ করছে এমসিসিসি নং ৪ ও তমা কনস্ট্রাকশন। এর দুটি লুপ রয়েছে। একটি রাজারবাগ পুলিশ লাইনস এবং অন্যটি শান্তিনগর চৌরাস্তায়। ৩ দশমিক ৯৩৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই অংশের জন্য খরচ হচ্ছে প্রায় ৩৪৪ কোটি টাকা।
আগামী বুধবার মগবাজার-মৌচাক উড়ালসড়কের তিনটি অংশের উদ্বোধন হওয়ার কথা বলা হলেও পুরোপুরি হচ্ছে না। কারণ, নির্মাণকাজ শেষ হয়েছে তেজগাঁও সাতরাস্তা থেকে মগবাজার রেলক্রসিং হয়ে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত। এফডিসি মোড় থেকে রেলক্রসিং পার করে একটি লুপ হওয়ার কথা। এখন পর্যন্ত এর কাজ শেষ হয়নি। এই অংশের মোট দৈর্ঘ্য ২ দশমিক ১০৫ কিলোমিটার। ভারতের সিমপ্লেক্স ও বাংলাদেশের নাভানা যৌথভাবে নির্মাণ করছে। এর খরচ প্রায় ২১৩ কোটি টাকা। এই পথেও যানবাহন চলাচল, পথচারী চলাচলে প্রতিদিন চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। রাস্তার মাঝখানে বড় বড় ব্লকের পাহাড় করে রাখা হয়েছে।
উড়ালসড়কের অপর অংশটি বাংলামোটর, নিউ ইস্কাটন, মগবাজার মোড় হয়ে মৌচাক পর্যন্ত। দৈর্ঘ্য ২ দশমিক ২০৮ কিলোমিটার। তমা কনস্ট্রাকশন প্রায় ২০০ কোটি টাকায় এই অংশ নির্মাণ করছে। গতকাল মৌচাক থেকে বাংলামোটর পর্যন্ত উড়ালসড়কের নিচের অংশটি চলাচলের প্রায় অনুপযোগী দেখা যায়। ইট, রড ও নির্মাণসামগ্রী রাখায় পথটি খুবই সংকীর্ণ হয়ে গেছে। তার ওপর খানাখন্দে ভরা। কোনোমতে একটি গাড়ি যেতে পারে। মগবাজার মোড় থেকে নিউ ইস্কাটন এলাকায় রাস্তার দুই পাশের দোকানপাট ধুলায় ধূসরিত। যানবাহন আরোহী, পথচারীরা চরম বিরক্ত। নিউ ইস্কাটনে ২৪৭ থেকে ২৪৯ নম্বর পিলার পর্যন্ত দক্ষিণ অংশের রাস্তায় পয়োবর্জ্য পানিতে ভরে আছে। সেই বর্জ্য মাড়িয়ে চলতে হচ্ছে ইস্কাটন গার্ডেনের বাসিন্দা ও পথচারীদের। গতকাল অনেক দোকান বন্ধ ছিল। মোটর সরঞ্জামের কিছু দোকান খোলা। দোকানিরা নাক ঢেকে আছেন মুখোশে।
নির্মাণকাজ সম্পর্কে প্রকল্প পরিচালক ও এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, বিভিন্ন সেবা সংস্থার কেব্ল লাইন সরানোসহ নানা কারণে প্রকল্পের কাজে বিঘ্ন ঘটেছে। ফলে দুর্ভোগও বাড়ে। আগামী বুধবার সাতরাস্তা-হলি ফ্যামিলি অংশের উদ্বোধনের পর চলতি বছরই পুরো উড়ালসড়কের কাজ শেষ হবে বলে আশা করা যায়। নির্মাণকাজ পুরোপুরি শেষ হলে প্রতিদিন ৫০ হাজার মোটরযান উড়ালসড়কের ওপর দিয়ে চলাচল করতে পারবে।