ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর-নবীনগর সড়কের তিন মাথার মোড় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় গতকাল সোমবার বিকেল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উপজেলার মৌচাক ট্রেনস্টেশনেও ছিল উপচে পড়া ভিড়। সময়মতো ট্রেন না আসায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা (ত্রিমোড়) বাসস্ট্যান্ডে সকাল ১০টায় যাত্রীদের প্রচণ্ড ভিড়। রাস্তায়ও প্রচুর গাড়ির চাপ। কিন্তু যানজট নেই। কিন্তু বেলা তিনটার পর থেকে পাল্টে যায় চিত্র। কালিয়াকৈর-নবীনগর সড়কের জিরানী বাজার, কবিরপুর, বাড়ইপাড়াসহ বেশ কয়েকটি স্থানেও দুপুরের পর থেকে যানজট লেগে যায়।অপরদিকে গতকাল কালিয়াকৈরের মৌচাক ট্রেনস্টেশনে সকাল আটটায় গিয়ে দেখা গেছে, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের জন্য শত শত মানুষ অপেক্ষায়। এর মধ্যে অভিযোগ পাওয়া গেল, স্টেশনের ওয়াচম্যান ফজলুর রহমান যাত্রীদের ছিটের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ২০-৩০ টাকা করে আদায় করছেন। সকাল আটটার ট্রেন যখন দুপুর ১২টার দিকে স্টেশনে পৌঁছায়, তখন টিকিট ছাড়া যাত্রীরা ১০ টাকার বিনিময়ে মই দিয়ে হুড়োহুড়ি করে উঠতে থাকে ছাদে। যারা মই দিয়ে ট্রেনের ছাদে যাত্রী ওঠান, তাদের কাছ থেকেও ওয়াচম্যান ফজলুর রহমান কমিশন নেন বলে জানা গেছে। চন্দ্রা এলাকার ব্যবসায়ী ফরহাদ হোসেন জানান, বেলা তিনটার পর থেকে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এ সময় চন্দ্রা থেকে দুই পাশে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।মৌচাক রেলস্টেশন কর্মকর্তা নাজমুল হুদা জানান, ঢাকা থেকেই ট্রেন ছাড়ছে দেরি করে। গতকাল সকাল পৌনে আটটার ট্রেন সাড়ে ১২টায় পৌঁছে। এ ছাড়া ওয়াচম্যানের বিরুদ্ধে অভিযোগটি খোঁজ নিয়ে দেখা হবে।কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, মহাসড়কের কোনাবাড়ী এলাকায় বিকেল থেকে যানজট সৃষ্টি হয়। তবে যানজটের মধ্যেও গাড়ি ধীরে চলার মধ্যেই ছিল।গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, রাস্তার গর্তগুলো দায়সারাভাবে মেরামত করায় সেগুলো গাড়ির চাপে উঠে যাচ্ছে। সড়কে গাড়ির চাপ বেশি থাকায় এবং নতুন নতুন গর্তের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে মহাসড়কে ব্যাপকসংখ্যক হাইওয়ে ও থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।