রাস্তায় রাস্তায় আবর্জনার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন সড়কে সপ্তাহের পর সপ্তাহ আবর্জনার স্তূপ জমে আছে। পৌরসভার যে অল্পসংখ্যক ডাস্টবিন আছে তাও ভাঙাচোরা। এসব ডাস্টবিনের ময়লা উপচে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকে। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে পৌরবাসী প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। শহরের নাপিতেরপোল এলাকার ব্যবসায়ী নুরুল হুদা বলেন, ‘রাস্তার ধারে ময়লা আবর্জনার স্তূপ। দিনের পর দিন এমনকি মাসও পেরিয়ে যায়। তবুও আবর্জনার স্তূপ সরে না। দুর্গন্ধে দোকানে বসা দায়। আবর্জনা সরানোর উদ্যোগ নেই।’সম্প্রতি শহরের মাইজদী বাজার, নাপিতেরপোল, নতুন বাসস্ট্যান্ড, পৌর বাজার, হাসপাতাল রোড, স্বাস্থ্যসহকারী প্রশিক্ষণ স্কুলের সামনেসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সবখানে পৌরসভার ডাস্টবিনগুলোর আবর্জনা উপচে পড়েছে রাস্তায়। এ ছাড়া দিনের পর দিন ওই সব আবর্জনা না সরানোর কারণে উৎকট গন্ধে পাশ দিয়ে চলাও দায়।পৌর বাজার এলাকার বাসিন্দা আবু নাছের জানান, পৌরসভার পর্যাপ্ত ডাস্টবিন নেই। যেগুলো আছে তার অধিকাংশই ভাঙাচোরা। সেখান থেকে নিয়মিত আবর্জনা সরানো হয় না। তাই ডাস্টবিনের আবর্জনা সড়কের ওপর ছড়িয়ে পড়ে।পৌর মেয়র হারুনুর রশীদ আজাদ জানান, অর্থের বরাদ্দ না থাকায় পর্যাপ্ত ডাস্টবিন তৈরি করা যাচ্ছে না। আবার যেসব স্থানে ডাস্টবিন আছে সেগুলোও কর্মচারী ও যানবাহন সংকটের কারণে নিয়মিত পরিষ্কার করা হয়ে ওঠে না। এ ছাড়া অনেক নাগরিক যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলেন। এতে পরিবেশ আরও বেশি নষ্ট হয়।