
উত্তরার দক্ষিণখান ইউনিয়নের একটি মূল সড়ক ও তিনটি সংযোগ সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ঢাকনাবিহীন ম্যানহোলে রয়েছে। এসব ম্যানহোলের কারণে সেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
গতকাল বুধবার এই প্রতিনিধি মূল সড়ক ও সংযোগ ঘুরে ১৫টি ঢাকনাবিহীন ম্যানহোল দেখতে পান। প্রায় সবগুলো ম্যানহোলই সড়কের মাঝখানে। এসব ম্যানহোল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ছোট ছোট যানবাহনগুলো ম্যানহোলে পড়ে উল্টে যাচ্ছে।
আজমপুর রেললাইন থেকে আজমপুর কাঁচাবাজার পর্যন্ত শাহ্ কবির মাজার রোডে চোখে পড়ে ঢাকনাবিহীন পাঁচটি ম্যানহোল। সড়কটি আজমপুর থেকে দক্ষিণখান হয়ে পূর্বাচল পর্যন্ত মিলিত হয়েছে। সড়কের হালিম সুপার মার্কেটের সামনে দুটি ম্যানহোলে ঢাকনা নেই। সড়কের মাঝখানে অন্য একটি ম্যানহোলের ঢাকনা ভেঙে প্রায় চার বর্গফুট আকারের একটি কূপ তৈরি হয়েছে। এর দক্ষিণে প্রায় আট ফুট দূরত্বের মধ্যে আছে আরও একটি ঢাকনাবিহীন ম্যানহোল। দুটি ম্যানহোল পাশাপাশি হওয়ার কারণে ওই সড়কে যানজট হচ্ছে। ম্যানহোল সামনে দিয়ে পথচারী নাক চেপে যাতায়াত করছে। রাস্তার পাশেই রয়েছে বিদ্যুৎ ও টেলিকমিউনিকেশন বিভাগের দুটি খুঁটি। গর্ত দুটির কারণে রাস্তা অনেক সংকুচিত হয়ে গেছে।
এ পথে সিফাত টেলিকমের দোকানি মনজুরুল হাসান বলেন, এক বছর যাবৎ ম্যানহোলগুলো এভাবে পড়ে আছে। সপ্তাহে অন্তত চার থেকে ছয়টি গাড়ি গর্তে পড়েছে। কয়েক দিন আগে অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থী অটোরিকশায় করে স্কুলে য়াওয়ার সময় রিকশাসহ গর্তে পড়ে যায়।
আজমপুর কাঁচাবাজারের তুষার সুপার মার্কেটের সামনে একই রাস্তায় প্রায় ২০ ফুট দূরত্বে পরপর আরও তিনটি ঢাকনাবিহীন ম্যানহোল চোখে পড়ে। ওই মার্কেটের সবুজ মিজি নামে একজন দোকানি বলেন, ‘প্রায় সাত মাস যাবৎ এগুলো ঢাকনাবিহীন। এগুলো থেকে প্রায় সময় ময়লা পানি রাস্তায় বেরিয়ে আসে, মাঝেমধ্যে আমাদের বাধ্য হয়ে দোকান বন্ধ রাখতে হয়। ম্যানহোলের কারণে ছোট-বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’
নগরবাড়ী বাজারে সড়কের মাঝখান দিয়ে পরপর আটটি ঢাকনাবিহীন ম্যানহোল চোখে পড়ে। পথচারী ও শিশুদের জন্য এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। স্থানীয় বাসিন্দা ইয়াকুব মিয়া জানান, পাঁচ মাস ধরে এগুলো এভাবেই রয়েছে। তিনি আরও বলেন, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় আমরা তাদের হাত ধরে সহযোগিতা করি। কারণ, প্রায় সময়ই এতে লোকজন পড়ে আহত হয়।
স্থানীয় চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন বলেন, ‘শাহ কবির মাজার রোডটি সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন। আর অন্যান্য সড়ক ও ড্রেনেজ সংস্কারকাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে।’
জানতে চাইলে ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন পর আমরা রাস্তাটি সংস্কার করব, তখন ড্রেনেজ ব্যবস্থারও কাজ করা হবে। কিন্তু এলাকাবাসীকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আর ঢাকনাবিহীন ম্যানহোলসহ সাময়িক যেসব অসুবিধা রয়েছে, স্থানীয় সরকার প্রতিনিধির সঙ্গে কথা বলে দ্রুত এগুলোর সমাধান করা হবে।’