রাস্তায় রাস্তায় ছিনতাই ও ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় ছিনতাই ও গণডাকাতির ঘটনা বেড়ে গেছে। টহল পুলিশ থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটছে। সন্ধ্যার পর মানুষ সাইকেল ও মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হতে পারছে না। স্থানীয় লোকজন বলছেন, কোনো রাস্তায়ই মানুষের নিরাপত্তা নেই।ঈদের পরদিন রাতে মোটরসাইকেলে নিয়ে বাঘা সদর থেকে বাড়ি ফেরার পথে আরিফপুর মাঠের মধ্যে বাউসা কলেজের শিক্ষক ইসমাইল হোসেন ছিনতাইকারীদের হামলার শিকার হন। মুখোশধারী ছিনতাইকারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেয়। তারপর হাত পিছমোড়া করে বেঁধে মুখে কাপড় গুঁজে ফেলে রেখে চলে যায়। ইসমাইল হোসেন জানান, এ ব্যাপারে গতকাল শুক্রবার তিনি বাদী হয়ে বাঘা থানায় একটি ছিনতাই মামলা করেছেন।ঈদের আগে গত ২০ আগস্ট রাতে উপজেলার জোতরাঘব মাঠে গণডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা রাস্তায় ব্যারিকেড দিয়ে ঈদের বাজার করে ফেরার সময় চারটি ভ্যানে ডাকাতি করে। এ সময় তারা হামলা চালিয়ে ঘরে ফেরা মানুষের কাছ থেকে চার লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। হামলায় উপজেলার বাগশায়েস্তা, জোতরাঘব ও চণ্ডীপুর গ্রামের আটজন লোক গুরুতর আহত হয়। এ ঘটনায় ওই রাতেই পুলিশ দুই ব্যক্তিকে আটক করে।আগের দিন ১৯ আগস্ট রাতে উপজেলার চণ্ডীপুর গ্রামের স্কুলশিক্ষক আবুল কালাম আজাদ পার্শ্ববর্তী লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে বাড়ি ফেরার সময় আরিফপুর মাঠের মধ্যে ছিনতাইকারীদের কবলে পড়েন। তাঁর কাছ থেকে টাকা ও বাইসাইকেল কেড়ে নেয় ছিনতাইকারীরা।এর দুদিন আগে বাঘা-লালপুর সীমান্তে তিনখুঁটি নামক স্থানে গণডাকাতি হয়। এই তিনখুঁটিতে বাঘা ও লালপুর দুই থানার পুলিশই সারা রাত টহল দেয়। স্থানীয় লোকজন অভিযোগ করেন, পুলিশ টহলরত থাকা অবস্থায়ই গণডাকাতির ঘটনা ঘটে। ওই দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে আল আমিন নামের একটি অসুস্থ শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। গণডাকাতির সময় দীর্ঘক্ষণ আটকে রাখার কারণে সেখানেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পর চার ডাকাতকে লালপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। পত্রপত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর লালপুর থানার একজন উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। কিন্তু বাঘা থানার সীমান্ত থেকে মাত্র কয়েক গজ দূরে ডাকাতি হওয়ায় বাঘা থানার পুলিশ এর দায় থেকে অব্যাহতি পায়।গত ১৬ আগস্ট বাঘাবাজারের ব্যবসায়ী বকুল রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি তেঁথুলিয়া ও আড়ানী সড়কের পুলিশ বক্সের কাছাকাছি গেলে ছিনতাইকারীরা দড়ি দিয়ে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি দ্রুতবেগে মোটরসাইকেল চালালে তাঁকে আটকাতে না পেরে ছিনতাইকারীরা বাঁশ দিয়ে আঘাত করে। বাঁশের আঘাত তাঁর গায়ে লাগেনি। তিনি বলেন, তখন বক্সে কোনো পুলিশ ছিল না। পরদিন তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।স্থানীয় ব্যক্তিরা জানান, আগস্ট মাসের শুরু থেকে রাস্তাঘাটে ছিনতাইকারীদের উৎপাত বাড়তে থাকে। গত ২ আগস্ট উপজেলার আটঘরির মোড় থেকে ছিনতাইকারীরা জামাল উদ্দিন নামের এক ব্যক্তির মোটরসাইকেল ছিনিয়ে নেয়।ভুক্তভোগীদের অভিযোগ, এসব ঘটনায় মামলা হলেও পুলিশ চিহ্নিত কয়েকজনকে গ্রেপ্তার করেই অভিযান শেষ করে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী জানান, এই ছিনতাইকারী ও ডাকাতদের সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগ রয়েছে। কোনো ডাকাতের বিরুদ্ধে থানায় ফোন করে খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা টের পেয়ে যায়।এ ব্যাপারে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, থানার চিহ্নিত ডাকাত আরিফপুরের মফিল মালসহ বেশ কয়েকজনকে এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। রাস্তায় নিরাপত্তা না থাকার ব্যাপারে তিনি বলেন, সব রাস্তায় তো পুলিশি টহল রাখা সম্ভব হয় না। এত পুলিশ থানায় নেই। তিনি পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের সখ্যের অভিযোগ অস্বীকার করেছেন।