রাস্তায় রাস্তায় শিশুদের পিকেটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচামাল ব্যবসায়ী আবদুর রহমান সাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। হঠাৎ একদল শিশু সাইকেলটি ঘিরে লাঠিসোঁটা দিয়ে সাইকেলে এলোপাতাড়ি বাড়ি মারতে থাকে। একপর্যায়ে পাশে দাঁড়ানো পিকেটারদের নির্দেশে সাইকেলের চাকার হাওয়া ছেড়ে দেয় শিশুরা। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ৬০ ঘণ্টার হরতালে গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকায় ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের লাঠিসোঁটা হাতে এভাবেই পিকেটিং করতে দেখা যায়।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান বাজারের পাশে দেখা যায় বাঁশ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। সড়কের পাশে গাছের নিচে বসে আছেন বেশ কয়েকজন যুবক। পাশে দাঁড়িয়ে সাত-আটজন শিশু। ওদের সবার হাতেই ছিল বাঁশের লাঠি।
যানবাহন নিয়ে কেউ বাঁশের প্রতিবন্ধক পাড় হতে গেলেই শিশুরা তাদের ওপর চড়াও হচ্ছে। এ সময় পাহাড়ভাঙ্গা গ্রামের আবদুল আলিম তাঁর সাইকেলের হাওয়া ছেড়ে দেওয়ার প্রতিবাদ করলে শিশুরা তাঁকে মারধর করে। দুলাল নামে এক শিশু বলে, ‘আমরা হরতাল করছি।’ পরে সড়কের পাশে থাকা ব্যক্তিদের দেখিয়ে সে বলে, ‘তাঁরা আমাদের রাস্তার গাড়ি আকটাতে বলেছেন। তাই গাড়ি আটকাচ্ছি। আর হাতে লাঠি না থাকলে লোকজন আমাদের ভয় পায় না।’
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর সবজিবাজার থেকে কাঁচামাল কিনে আশ্রমপাড়ায় যাচ্ছিলেন এক রিকশাচালক। পথে আর্ট গ্যালারি মোড়ের কাছে টাঙ্গন সেতুর ওপর একদল শিশু তাঁর রিকশার গতি রোধ করে ঘিরে ধরে। এ সময় হরতালের স্লোগান দিয়ে রিকশায় এলোপাতাড়ি লাথি মারতে থাকে শিশুরা।
একপর্যায়ে তারা রিকশাটিকে উল্টে ফেলে দেয়। রিকশাচালক আবুল হোসেন বলেন, ‘ওদের দেখে মনে করেছিলাম ওরা খেলছে। কিন্তু পাশে থাকা যুবকদের দেখে ভুল ভাঙে। রিকশাটি উল্টে দেওয়ার পর ওই যুবকদের নির্দেশ পেয়ে ‘হরতাল হরতাল’ বলে ওই শিশুরা চলে যায়।
শহরের টাঙ্গন নদের সেতুর ওপর পিকেটিংয়ের সময় কথা হয় রাসেল নামে এক শিশুর সঙ্গে। সে জানায়, হরতালের সময় পিকেটিং করলে দলের লোকজন ওদের কিছু টাকা দেয়। ওই টাকা দিয়ে ওরা চা-নাশতা খেতে পারে।
আর্ট গ্যালারি এলাকার বাসিন্দা মাহমুদুল হক জানান, যেসব শিশু হরতালে পিকেটিং করছে, ওদের বেশির ভাগই পথশিশু। নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরগাঁওয়ের বেসরকারি সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘যেসব শিশুর হাতে বই-কলম থাকার কথা, তাদের হাতে লাঠি দিয়ে হরতালের পিকেটিংয়ে নামানো ঠিক নয়। পিকেটিংয়ে শিশুদের ব্যবহার করতে দেখে আমাদের লজ্জা হচ্ছে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তৈমুর রহমান বলেন, ‘হরতালের সময় আমাদের হাজার হাজার নেতা-কর্মী পিকেটিং করে থাকে।
শিশুদের দিয়ে পিকেটিং করানোর প্রয়োজন আমাদের পড়ে না। আপনি যেসব শিশুর কথা বলছেন, ওরা সব পথশিশু। পিকেটিংয়ে ওদের ডাকতে হয় না, ওরা এমনিতেই চলে আসে।’