রাস্তায় রিকশাভ্যানে ভ্রাম্যমাণ দোকান, যাতায়াতে ভোগান্তি
মৌলভীবাজার শহরের বিভিন্ন রাস্তায় রিকশাভ্যান ভ্রাম্যমাণ দোকান পণ্য সাজিয়ে বসেছে। ব্যস্ত স্থানগুলো দখল করে মৌসুমি ফল, কাপড়, সবজি ও বিভিন্ন প্রকার পণ্য বিক্রি করা হচ্ছে। ভ্যানের দখল থেকে বাদ পড়েনি জেলা সদরে পাঁচ উপজেলাবাসীর প্রবেশমুখ মনু সেতুটিও। যেখানে খুশি সেখানেই ভ্যান নিয়ে দাঁড়িয়ে পড়ায় রাস্তাজুড়ে তৈরি হচ্ছে বিশৃঙ্খল জটলা। এতে ভোগান্তিতে পড়ছে পথচারিরা।
স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও পথচারিরা জানিয়েছেন, শহরের ব্যস্ত সড়কগুলো এখন রিকশাভ্যানের দখলে। এসব ভ্যানে মৌসুমি ফল আম, কাঁঠাল ও আনারস, বিভিন্ন প্রকার সবজি, কাপড় সাজিয়ে বসছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। শহরের পশ্চিমবাজার, কুসুমবাগ, কোর্ট রোড ও চৌমোহনা এলাকার যেখানে খুশি সেখানেই দাঁড়িয়ে পড়ছে ভ্যান। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এসব ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ভ্যানের দৌরাত্ম্য সবচেয়ে বেশি চৌমোহনা এলাকায়। এমনিতেই চৌমোহনা এলাকায় ফুটপাতের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। চৌমোহনার উত্তর দিকে রাস্তার পূর্ব পাশে প্রায় সারাক্ষণই ময়লা-আবর্জনা এবং পানি জমে থাকে। এর মধ্যে ভ্যান দাঁড়ানোর কারণে পথচারিদের রাস্তা দিয়েই চলাচল করতে হয়। রাস্তার ওপর দাঁড়িয়েই ভ্যান থেকে পণ্য কেনাকাটা করেন ক্রেতারা। এতে রাস্তায় তৈরি হচ্ছে কৃত্রিম জটলা। সৃষ্টি হচ্ছে যানজটের। সাধারণ পথচারিদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
অপর দিকে, সদর উপজেলার উত্তরাঞ্চল, রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার মানুষ মৌলভীবাজার জেলা সদরে আসা-যাওয়া করেন মনু সেতু দিয়ে। ফলে অসংখ্য যানবাহন এবং হাজারো মানুষের আসা-যাওয়ায় সেতু এলাকা ব্যস্ত থাকে। এই সেতুর পশ্চিম পাশজুড়ে প্রতিদিন বিশ-পঁচিশটি ভ্যানে মৌসুমি ফলের ভ্রাম্যমাণ দোকান বসে। এতে সেতুটি সংকুচিত হয়ে পড়ে। সেতুর ওপর দাঁড়িয়ে কেনাকাটা করতে গিয়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
শহরের কোর্ট রোডের চৌমোহনা এলাকায় দাঁড়ানো ভ্যানের ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী নুরুদ্দিন (৩৫) গত মঙ্গলবার (১৫ জুলাই) বলেন, ‘আগে একটি ফলের দোকানে চাকরি করতাম। এখন নিজে ভ্যান দিয়ে ব্যবসা করি। দোকানের সামনে দাঁড়ালে ব্যবসায়ীরা আপত্তি করেন। এ ছাড়া আর কেউ কিছু বলে না।’
শহরের সৈয়ারপুর এলাকার বাসিন্দা পথচারি শৈলেন রায় বলেন, ‘একে তো ফুটপাত দিয়ে চলা যায় না। ভ্যানের দোকানের কারণে রাস্তায় চলতে গিয়ে এখন ঝামেলায় পড়তে হচ্ছে। স্বাভাবিক গতিতে চলার উপায় নেই।’
কোর্ট রোডের আহমদিয়া ফার্মেসির মালিক সেলিম আহমদ বলেন, ‘রাস্তা হচ্ছে যান চলাচলের জন্য। কিন্তু রাস্তার ওপর যত্রতত্র ভ্যান দাঁড় করিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে। এতে আমাদের কাস্টমারের গাড়ি পার্কিংয়ের জায়গা থাকে না। বিশেষ করে স্কুল-টাইমে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় ছাত্রছাত্রীদের চলাফেরায় অসুবিধা হয়। কন্যাশিশুরা বিব্রতকর অবস্থায় পড়ে।’
মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র মনবীর রায় বলেন, ‘রাস্তায় ভ্যানগাড়ি দিয়ে ব্যবসা করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। মাঝে মাঝে রাস্তা থেকে ভ্যানগাড়ি ধরা হয়। উচ্ছেদ করার তিন-চার দিন পর আবার যেখানে খুশি সেখানে বসে যায়। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বহুদিন ধরে এ অবস্থা চলছে। রাস্তায় বের হলে মানুষ আমাদের বলে। খারাপ লাগে।’