রাস্তায় লরি থামিয়ে তেল চুরি
রাষ্ট্রীয় মালিকানাধীন তিন পেট্রোলিয়াম কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনার ট্যাংকলরি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল চুরির ঘটনা ঘটছে। ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার নছরতপুর এলাকায় প্রকাশ্যে তেল চুরির ঘটনা ঘটলেও প্রশাসন বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ বিষয়ে তিনি অবগত নন। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তিনি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম কোম্পানির শ্রীমঙ্গল ডিপো থেকে প্রতিদিন লরিযোগে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। লরিচালকের সহযোগিতায় একদল দুর্বৃত্ত রাস্তায় লরি থামিয়ে তেল চুরি করে বাইরে বিক্রি করছে। এসব ঘটনার সঙ্গে স্থানীয় একটি প্রভাবশালী চক্র ও তেল কোম্পানির নিম্ন আয়ের লোকজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।শায়েস্তাগঞ্জের নছরতপুর এলাকায় মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, শ্রীমঙ্গল তেল ডিপো থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ডিজেলবোঝাই দুটি লরি সড়কের আবুধাবী হোটেলের সামনে এসে থামে। তেল চুরি চক্রের স্থানীয় চার সদস্য, লরিচালক বাসির মিয়া (৫০) ও তাঁর সহকারী মিলে দ্রুত লরির নিচের অংশের ট্যাংকের মুখ খুলে দেন। এ সময় পাশে দাঁড়ানো কয়েকজন ব্যক্তি একটি পাইপ লরির সঙ্গে সংযোগ দিয়ে একটি ড্রাম ও দুটি বালতিতে তেল বোঝাই করে। এ তেল নিয়ে রাখা হয় আবুধাবী হোটেলের সামনে থাকা লরির আদলে তৈরি একটি ট্যাংকে। পরে সেখান থেকে হবিগঞ্জের বিভিন্ন হাট-বাজারে তেল বিক্রি করা হয়। এ সময় ট্রাকচালক বাসির মিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি দ্রুত গাড়ি নিয়ে সটকে পড়েন।তবে স্থানীয় একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদিনই এভাবে তেল চুরি হয়। তাঁরা জানান, বর্তমানে লিটারপ্রতি ডিজেলের বাজারমূল্য ৪৫-৪৬ টাকা। কিন্তু দুর্বৃত্তরা লরি থেকে ডিজেল কিনছে মাত্র ২২-২৫ টাকা দরে।স্থানীয় এক কলেজছাত্র জানায়, তেল চুরির সঙ্গে এ চক্রটি অনেক দিন ধরেই জড়িত। একসময় তারা শায়েস্তাগঞ্জ জংশনের রেলগাড়ির তেল চুরি করত। কিন্তু কিছুদিন আগে সেখানে র্যাব অভিযান চালানোয় ট্রেনের তেল চুরি আপাতত বন্ধ রয়েছে। তারা এখন রাস্তায় লরি থামিয়ে তেল চুরি করছে। এলাকাবাসীর ভাষ্যমতে, তেল চুরির সঙ্গে নছরতপুর এলাকার আতর আলী, শামীম, কদর আলী, ফারুক, নূরপুরের শাহজাহানসহ ১০-১২ জনের একটি চক্র জড়িত। এ চক্রটি প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তেল চুরি করে থাকে। তবে অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগ অস্বীকার করে বলেন, তেলের ব্যবসার সঙ্গে তাঁরা জড়িত থাকলেও তেল চুরির সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।