রাস্তায় শিক্ষার্থীদের দাঁড়ানো দেখে নেমে পড়লেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশ দিয়েই শিক্ষামন্ত্রী যাবেন। তাই সকাল থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। রাস্তার দুই পাশে শিক্ষার্থীদের সারি দেখে মন্ত্রী গাড়ি থেকে নেমে পড়েন। কাউকে কিছু না বলে সরাসরি শিক্ষার্থীদের কাছে জানতে চান—কে তাদের কী জন্য এভাবে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। এরপর শিক্ষার্থীদের রাস্তা থেকে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে বসিয়ে একান্তে কুশলাদি বিনিময় করেন।মন্ত্রী তাদের এই বলে বোঝান যে ‘কোনো মন্ত্রী-এমপি এলে এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের শোভা পায় না। দেশের কোনো আইনেও এ রকমটি নেই। সুতরাং এই সংস্কৃতি বদলাতে শিক্ষার্থীদেরই সচেতন হতে হবে। এখন থেকে আর এভাবে রাস্তায় দাঁড়ানো চলবে না।’গতকাল শনিবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা এলাকা সফররত মন্ত্রীকে ‘অভ্যর্থনা’ জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখেন।শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৩ লাখ টাকার উন্নয়নকাজ সরেজমিনে দেখতে উপজেলা সদর থেকে রওনা হন তিনি। পথে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়ানো দেখে অনির্ধারিতভাবে তাদের সঙ্গে ঘণ্টাখানেক সময় ব্যয় করেন।এই বিষয়ে আলাপকালে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আমি মনেপ্রাণে চাই, রাস্তায় দাঁড়ানোর এই সংস্কৃতি বদল হোক। অন্তত আমার এলাকায় এ রকম যাতে না হয়, সে জন্য তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে ক্লাসে বসিয়েছি।’রানাপিং আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জালালউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি সরলভাবেই বলেন, ‘আট শতাধিক ছাত্রছাত্রীর এই বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংকট থাকায় আমরা এ ধরনের অভ্যর্থনা জানানোর উদ্যোগ নিয়েছিলাম, যাতে সমস্যার সমাধানে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়। শিক্ষামন্ত্রী ক্ষুব্ধ হওয়ায় আমরা আসলেই লজ্জিত।’