রাস্তায় সন্তান প্রসব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানসম্ভবা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার জন্য ঝালকাঠি থেকে বাসযোগে সপরিবারে বরিশাল যাচ্ছিলেন আফজাল হোসেন। কিছুদূর যাওয়ার পর বাসের ভেতরেই তাঁর স্ত্রী হ্যাপি বেগমের প্রসববেদনা শুরু হয়। এ সময় অন্য যাত্রীদের পরামর্শে পথেই বাসটি থামানো হয়। পথচারীদের সহযোগিতায় বাসটির অন্য নারী যাত্রীরা তাৎক্ষণিকভাবে শাড়ি দিয়ে রাস্তার পাশে বেষ্টনী (আড়াল) তৈরি করেন। কিছুক্ষণ পর রাস্তার পাশেই হ্যাপি বেগম একটি পুত্রসন্তানের জন্ম দেন। গতকাল বৃহস্পতিবার ঝালকাঠির রাজাপুর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের বাঘড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সন্তান প্রসবের পর দ্রুত মা এবং নবজাতককে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও শিশু দুজনই সুস্থ। রাজাপুর হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে কাঠালিয়া উপজেলার ছোনাউচা গ্রামের কৃষক আফজাল হোসেন সন্তানসম্ভবা স্ত্রী হ্যাপিকে নিয়ে বিআরটিসি বাসযোগে বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে যাচ্ছিলেন। নয়টার দিকে বাসটি রাজাপুর উপজেলার বাঘড়ি বাজারে এলে হ্যাপি বেগমের প্রসববেদনা শুরু হয়। সন্তান প্রসবের পর মা ও শিশুকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আফজাল হোসেন বলেন, ‘স্ত্রী ও সন্তানের জীবন রক্ষা করতে বাসযাত্রী ও ওই এলাকার পথচারীদের সহযোগিতার কথা আমি কোনো দিনও ভুলতে পারব না।’ তিনি বলেন, ‘তিনটি মেয়ের পর পুত্রসন্তান জন্ম নেওয়ায় আমি খুব খুশি।’রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রাসেল মাহমুদ বলেন, প্রাথমিক চিকিৎসার পর মা ও নবজাতককে তাঁদের নিজ এলাকা কাঠালিয়ার আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সযোগে পাঠানো হয়েছে।