রাস্তায় হঠাৎ অসুস্থ, পরে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়ী এলাকার রাস্তায় নূরুল ইসলাম খান (৭০) নামের এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির বাড়ি গোপালগঞ্জের বনগ্রামের দক্ষিণপাড়ায়। তাঁর পরিবার পুলিশকে জানিয়েছে, তিনি একজন মুক্তিযোদ্ধা। দু-এক দিন আগে তিনি ব্যক্তিগত কাজে গোপালগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন। নাখালপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে ওঠেন তিনি। বিভিন্ন কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। পরিবারের ধারণা, অসুস্থ হয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
ওসি বলেন, অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার সময় তাঁর হাতে একটি খালি বোতল পাওয়া গেছে। ওই বোতলে থাকা কোনো বিষজাতীয় কিছু তিনি পান করেছেন কিনা-সে সন্দেহও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।