রাস্তায় হেঁটেও চলা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কড্ডা বাজার এলাকা থেকে ইটাহাটা যাওয়ার রাস্তা ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে শিশুরা মাছ ধরছে। শনিবার দুপুরের ছবি।  প্রথম আলো
কড্ডা বাজার এলাকা থেকে ইটাহাটা যাওয়ার রাস্তা ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে শিশুরা মাছ ধরছে। শনিবার দুপুরের ছবি। প্রথম আলো

কড্ডা বাজার থেকে লাঠিভাঙ্গা ও ইটাহাটা গ্রামে যাওয়ার দুটি রাস্তাই মাটির তৈরি। দুটি রাস্তাতেই শুকনো মৌসুমে মানুষকে হেঁটে এবং বর্ষায় নৌকায় চলাচল করতে হয়। অন্য সড়কগুলোও বেহাল। কোনো সড়কের পাশেই পানিনিষ্কাশনের নালা নেই।
এই চিত্র গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের। ওয়ার্ডটিতে ভোটার সংখ্যা ১৮ হাজার ৬০৬। ওয়ার্ডের একটি অংশে অনেক শ্রমিকের বসবাস। ওয়ার্ডে কাঁচাবাজার নেই। এখন পর্যন্ত কোনো চিকিৎসাকেন্দ্র করা হয়নি।
গত শনিবার ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকটি গ্রামে রাস্তা একেবারে খারাপ। মানুষকে হেঁটেই বাড়ি যেতে হয়। তবে বর্ষায় কিছুটা সুবিধা পাওয়া যায়। নৌকায় বাড়ির কাছাকাছি যাওয়া যায়। অন্যান্য রাস্তায় আংশিক মাটি ফেলা হয়েছে। কয়েকটি সড়কে আংশিক পিচ ঢালা হয়েছে, ইট বিছানো হয়েছে। এলাকার ঐতিহ্যবাহী বাজার হিসেবে পরিচিত কড্ডা বাজার। সরকারি জায়গায় গড়ে ওঠা বাজারটি দিন দিন বেদখল হয়ে যাচ্ছে।
ইট, বালু ব্যবসায়ী ইদ্রিস আলী জানান, কড্ডা বাজার থেকে লাঠিভাঙ্গা গ্রামের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। তাঁরা বছরের ছয় মাস নৌকায় যাতায়াত করেন, বাকি ছয় মাস হেঁটে যাতায়াত করতে হয়। রাস্তার কিছু অংশ নিচু। বর্ষায় কালভার্টসহ রাস্তা পানির নিচে থাকে। এখন রাস্তাটিতে মাটি ফেলে উঁচু করা হচ্ছে।
লাঠিভাঙ্গা গ্রামের রাজু আহাম্মেদ জানান, গ্রামের বিদ্যুতের খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বিদ্যুতের তার হাত দিয়ে নাগাল পাওয়া যায়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
কড্ডা বাজারের ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, এখানে আগে সপ্তাহে দুই দিন বাজার বসত। ভাসমান ব্যবসায়ীরা বেচাকেনা করতেন। এখন বাজারটি দখল হয়ে যাচ্ছে। যে যার মতো দোকানঘর ও স্থাপনা তৈরি করছে।
সরেজমিনে দেখা গেছে, কড্ডা বাজার থেকে একটি মাটির রাস্তা চলে গেছে ইটাহাটা রঞ্জির টেকের দিকে। রাস্তাটি নিচু। রাস্তার দু-তিন জায়গায় ভেঙে গর্ত হয়ে গেছে। সেখানে পানি জমেছে। শিশু-কিশোরেরা জাল ফেলে মাছ ধরছে। মানুষকে জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে হেঁটে যেতে হচ্ছে।
ইটাহাটা গ্রামের ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, ইউনিয়ন পরিষদ থাকলে যে সুবিধাগুলো পাওয়া যেত, এখনো সুযোগ-সুবিধা তেমনই আছে। সবদিকেই গ্রামীণ অবকাঠামো। উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি। কিছু রাস্তাঘাট হয়েছে। তবে ট্যাক্সই (কর) সবচেয়ে বেশি বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নাওজোড় এলাকার কয়েকটি রাস্তায় পিচ ঢালা হয়েছে। কিছু রাস্তায় ইট বিছানো হয়েছে। এ ছাড়া উন্নয়ন চোখে পড়ে না। নাওজোড় দিগন্ত সোয়েটার কারখানার বিপরীত পাশ দিয়ে একটি রাস্তা ইটাহাটা হয়ে সালনার দিকে গেছে। সেই রাস্তাটিতে পিচ ঢালা হয়েছে। তবে ইতিমধ্যে পিচ উঠে গেছে। এই রাস্তায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারে না।
ওয়ার্ডের গুলসীপাড়া টেক, খোয়ারপাড়া, কাঠালিয়াপাড়া, জেলেপাড়া, কামারসুলিয়াসহ আশপাশের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, পুরোটাই গ্রামীণ অবকাঠামো। কোথাও উন্নয়ন দৃশ্যমান হচ্ছে না। তবে টান কড্ডা ও ইটাহাটা মতি মার্কেট এলাকায় দুটি কবরস্থান করা হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর মো. খোরশেদ আলম গত রোববার প্রথম আলোকে বলেন, তাঁর ওয়ার্ডে দুটি রাস্তায় পিচ ঢালা হয়েছে। ছোট-বড় মিলিয়ে ৫০ সড়কে ইট বিছানো হয়েছে। তিনটি রাস্তায় আরসিসি ঢালাই করা হয়েছে। তিনি জানান, তিনি টান কড্ডা ও ইটাহাটা এলাকায় দুটি কবরস্থান করেছেন।
কাউন্সিলর খোরশেদ বলেন, আগামীতে নির্বাচিত হলে তাঁর প্রথম কাজ হবে রাস্তার পাশে নালা তৈরি করা এবং যেসব এলাকায় মাটির রাস্তা আছে, সেগুলোতে ইট বিছানো এবং পিচ ঢালা।