বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাহাতুল আশিকিম খানকে (২৩) সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে৷ গত শুক্রবার মার্কিন সরকারের কেন্দ্রীয় কেঁৗসুলিরা এ কথা জানান৷ খবর কিউডব্লিউটিএক্স ডটকমের।
সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার টেক্সাস অঙ্গরাজ্যের রাউন্ড রক শহর থেকে রাহাতুলকে গ্রেপ্তার করা হয়৷
মার্কিন কেঁৗসুলিরা জানান, বিদেশে গিয়ে সন্ত্রাসীদের সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রে লোক খুঁজছিলেন রাহাতুল৷ তাঁর সঙ্গে আরও কয়েকজন ব্যক্তিও এই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন৷ ২০১১ সালের মার্চ থেকে ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত তাঁরা এ ষড়যন্ত্র করেন৷
সরকারি কেঁৗসুলিরা জানান, একই অভিযোগে গত মঙ্গলবার টেক্সাসের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরের সামনে থেকে মার্কিন নাগরিক মাইকেল টড উলফকে তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তানসহ গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারের পর জানানো হয়, রাহাতুল ও উলফ সোমালিয়া, সিরিয়া ও ইরাকে জঙ্গিদের কারিগরি সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন৷ অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছর করে সাজা এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে তাঁদের৷
ইউনিভার্সিটি অব টেক্সাসের পূর্ণকালীন ছাত্র রাহাতুল৷ তিনি ২০১১ সালেও মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের একজন তথ্যদাতাকে সোমালিয়ায় লড়াইরত বিদ্রোহীদের দলে যোগ দেওয়ার চেষ্টা করান বলে অভিযোগ রয়েছে৷
মার্কিন কর্তৃপক্ষ জানায়, রাহাতুলের জিহাদে অংশ নেওয়ার আগ্রহের বিষয়টি অনেকেই জানতেন৷