রাহিদের স্বপ্ন চুরি!

বছর সাতাশের রাহিদ হাসান। পেশায় সফটওয়্যার প্রকৌশলী। স্বপ্ন দেখতেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার। ফেসবুক ওয়ালেও প্রতিটি অক্ষরে সেই স্বপ্নের প্রতিফলন হয়েছে বারবার। লিখেছেন, ‘আমার স্বপ্ন সফটওয়্যার ডেভলপিং কোম্পানি গড়ার। জানি না, আমার এই স্বপ্ন সত্য হবে কি না। কিন্তু এটাই আমার স্বপ্ন।’
গুটিগুটি পায়ে সেই পথেই এগোচ্ছিলেন। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে কম্পিউটার বিজ্ঞানে পড়ার সময় থেকে যুক্ত হন মজিলা ফায়ারফক্সের সঙ্গে। এর মধ্যে মজিলার স্বেচ্ছাসেবক থেকে রেমো (রিপ্রেজেন্টেটিভ মজিলা) হন। কাজ করছিলেন ফায়ারফক্সের মোবাইল ফোন উদ্ভাবনী দলের সঙ্গে। কিন্তু নিয়তিই যেন থামিয়ে দিল দুরন্ত এই তরুণকে। কর্ণফুলী চুরি করে নিয়ে গেল তাঁর স্বপ্ন। নদীর জলে ডুবে নিথর হলো তাজা প্রাণ। রাহিদ হয়ে গেলেন ফ্রেমে বাঁধা ছবি। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিলেন। কিন্তু আর ফেরা হলো না।
ঈদের পর দিন (৩০ জুলাই) সকালে চট্টগ্রাম শহরের বাসা থেকে রাঙ্গুনিয়ার মরিয়ম নগরে ভাবির বাড়িতে বেড়াতে আসেন রাহিদ। সঙ্গে চিকিৎসক দম্পতি ভাই রাজীব হাসান, ভাবি আসমা হুমাইরা ও মেজো ভাই রকিব হাসান। দুপুরে দাওয়াত ছিল একই গ্রামে হাঁটা দূরত্বে ভাবির মামাবাড়িতে। সেই বাড়ির কাছেই কর্ণফুলী নদী। এত কাছে এসে নদীতে না নেমে চলে যাবেন? তা কী করে হয়। তাই তো দুপুর ১২টার দিকে ভাবির মামাবাড়িতে এসে কোনো কিছু মুখে না দিয়েই চলে গেলেন কর্ণফুলীর পাড়ে। নেমে পড়লেন নদীতে। সাঁতার না জানা রাহিদকে নিয়ে শঙ্কা ছিল রাজীবের। কিন্তু সঙ্গে আরও দুজন কিশোর থাকায় তাদের প্রতি নজর ছিল বেশি। এর মধ্যে কোমরসমান পানিতে থাকা অবস্থায় হঠাৎ স্রোতের টানে তলিয়ে যান রাহিদ। ভাইকে উদ্ধারে মুহূর্তেই ঝাঁপিয়ে পড়েন রাজীব। কিন্তু নিজেও যেন খেই হারালেন প্রবল সোতে। তার ওপর পানি ছিল ঘোলাটে।

ফলে শত চেষ্টায়ও খঁুজে পেলেন না ভাইকে। একদিন পর লাশ ভেসে উঠল ওই স্থানেই।
২০০৪ সালে স্বামী মেহেদী হাসানকে হারানোর পর মেহেরুন্নেছা তিন ছেলেকে নিয়ে সেই শোক কাটিয়ে উঠেছেন। কিন্তু এখন ছোট ছেলের মৃত্যুতে পাগলপ্রায়। ছেলের লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি ভৈরবের কমলপুরে পর্যন্ত যেতে পারেননি। ছিলেন চট্টগ্রাম শহরের বাসায়। কারও সঙ্গে কথা বলছেন না। কিছুক্ষণ পর পর ডুকরে কেঁদে উঠছেন।
রাহিদের ভাই রাজীব বলেন, ‘মিনিটের মধ্যে আমাদের জীবনে যে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে ভাবতেও পারিনি। সবার মধ্যে সে ছিল বেশ চটপটে। সব সময় ভাবত নিজেকে ছাড়িয়ে যাওয়ার কথা। বাবা মারা যাওয়ার পর নিজের চেষ্টায় এত দূর এসেছে। ঢাকায় একা থাকত মেসে। সাফল্য সবে তার কাছে ধরা দিচ্ছিল। কিন্তু তা স্থায়ী হলো না। কীভাবে ভুলব এই শোক?’ আর কথা বলতে পারছিলেন না। গলা ধরে আসছিল তাঁর।
এমন সতেজ ছেলেটা এভাবে হারিয়ে যাবে? সহকর্মী ও বন্ধুবান্ধব—কেউই মানতে পারছেন না। রাহিদের ফেসবুক ওয়ালে লিখেছেন তাঁরা নিজেদের অনুভূতি। রাশেদুল সিকদার লিখেছেন,‘...কথা না রেখে চলে গেলি। কত জায়গায় বেড়াতে যাব, কত কিছু করব, কিছুই করলি না। সব কাজে প্রথম থাকিস। যাবার বেলাও প্রথম হলি। ভালো থাকিস বন্ধু, মাঝে মাঝে স্বপ্নে দেখা দিস।’ সাইফুল আলম নামের আরেকজন লিখেছেন, ‘না, কিছুতেই মানতে পারছি না।’ ... লেখনীতেও কষ্ট, ‘বন্ধু তোকে মনে পড়বে’—এ রকম অসংখ্য মন্তব্য এখন রাহিদের টাইম লাইনে। কিন্তু আর কখনো আপডেট হবে না ফেসবুক ওয়ালটি।