ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) ২০১১ সালের নির্বাহী কমিটির সভাপতি পদে রাহীদ এজাজ (প্রথম আলো) ও সাধারণ সম্পাদক পদে আবদুল মজিদ (সমকাল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি নির্বাচিত হয়। এ ছাড়া সহসভাপতি পদে রেজাউল করিম (ডেইলি স্টার), যুগ্ম সম্পাদক পদে বশির আহমেদ (আমার দেশ), কোষাধ্যক্ষ পদে পান্থ রহমান (চ্যানেল আই) ও দপ্তর সম্পাদক পদে সালাহউদ্দিন মাহমুদ মীম (বাংলাভিশন) নির্বাচিত হয়েছেন।নির্বাহী সদস্যপদে নির্বাচিত হয়েছেন মাসুদ করিম (যুগান্তর), শাহীন রাজা (ইনকিলাব), আনিসুর রহমান (বাসস), জহিরুল আলম (এনটিভি) ও ইমরান আলম (নয়া দিগন্ত)।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ব্যুরোপ্রধান ফরিদ হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম ও পাকিস্তানভিত্তিক দৈনিক পত্রিকা জং-এর বাংলাদেশ প্রতিনিধি জয়নাল আবেদিন।এর আগে ডিকাবের বিদায়ী সভাপতি জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০১০ সালের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।