রায়, আদেশ ও নথি জমা দিয়েছি: বিচারপতি শামসুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী দাবি করেছেন, অবসরের পর হাতে লেখা রায় ও আদেশসহ তাঁর কাছে থাকা সব মামলার নথি তিনি আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলীর কাছে জমা দিয়েছেন। তাঁর আর কোনো রায় বা আদেশ লেখা বাকি নেই। 

জানতে চাইলে মোবাইল ফোনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী প্রথম আলোকে এ কথা বলেন। তিনি বলেন, আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বিচারপতি ইমান আলীর কাছে তিনি হাতে লেখা প্রায় ৬৫টি মামলার রায় ও আদেশ এবং সংশ্লিষ্ট মামলার নথি হাতে হাতে জমা দেন। তাঁর আর কোনো রায় বা আদেশ লেখা বাকি নেই।
এর আগে বেলা আড়াইটার দিকে সুপ্রিম কোর্টের মাজারগেটে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনি তাঁর কাছে থাকা মামলার নথি ফেরত দেবেন না। নথি ফেরত চেয়ে প্রধান বিচারপতির দেওয়া আদেশ ‘অবৈধ’ বলে মন্তব্যও করেন তিনি।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেছিলেন, গতকাল রোববার সন্ধ্যায় আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা তাঁর হাতে লেখা রায় ও আদেশগুলো গ্রহণ করতে সম্মত হন। এ জন্য তিনি বেঞ্চের আরেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীর কাছে তাঁর লেখা রায় ও আপিলগুলো জমা দিতে যাচ্ছেন। তবে কিছুতেই তিনি মামলার নথি ফেরত দেবেন না।
সুপ্রিম কোর্ট গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে গণমাধ্যমে কথা না বলে তাঁর কাছে থাকা মামলার নথিগুলো দ্রুত ফেরত দিতে বলেন। এর আগে গতকাল সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনি যেসব রায় ও আদেশ লেখা শেষ করেছেন, সেগুলো জমা দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তিনি সেগুলো গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছেন। এর কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্ট ওই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাঁকে সব ফাইল ফেরত দিতে বলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিচার চলাকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর সংবাদ সম্মেলন করাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করা হয়। সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি আশা করেন, বর্তমান ও ভবিষ্যতে বিচারপতিরা কোর্টের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন।’
গত সেপ্টেম্বরে অবসরে যাওয়ার আগে পেনশন আটকে দেওয়ার অভিযোগ তুলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী একাধিকবার প্রধান বিচারপতিকে চিঠি দেন। আর অবসরে যাওয়ার পরপরই তিনি প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেন।

আরও পড়ুন: