রায় কার্যকর করার পর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত আদালতের রায় কার্যকর হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধিত ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হুসাইন প্রথম আলোকে এ কথা বলেছেন।ছহুল হুসাইন বলেন, ‘আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি। রায়ের কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে ইসি সিদ্ধান্ত গ্রহণ করবে।’পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত রায়ের ফলে সংবিধানের ৩৮ অনুচ্ছেদের বিলুপ্ত অংশ ফিরে এসেছে। এই অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাজনৈতিক লক্ষ্যে কোনো ধর্মীয় দল বা সংগঠন পরিচালনা করা যাবে না বা তার সদস্য হওয়া যাবে না।গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে ইসি সেই দলের নিবন্ধন বাতিল করতে পারবে।এই রায়ের ফলে ইসিতে নিবন্ধিত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বহাল থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ইসিকে আপাতত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে। রায় কার্যকর হওয়ার পর রাষ্ট্রীয়ভাবে সুনির্দিষ্ট কোনো দলকে নিষিদ্ধ করা হলে ইসি সেই দলের নিবন্ধন বাতিল করতে পারবে। এ ছাড়া সংবিধানের আলোকেও ইসিকে সিদ্ধান্ত নিতে হবে, কোন কোন দল নিবন্ধন পাওয়ার যোগ্য।দেশের উল্লেখযোগ্য নিবন্ধিত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও জাকের পার্টি।এরই মধ্যে জামায়াতসহ একাধিক ধর্মভিত্তিক দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে ইসি দলগুলোকে গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দিয়ে কয়েক দফা চিঠি দিয়েছে।