রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে থাকবে গণজাগরণ মঞ্চ
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের দাবিতে শাহবাগ চত্বরে সমবেত হয়েছেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগেই অবস্থান করার ঘোষণা দিয়েছেন তাঁরা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গতকাল বুধবার দিনভর প্রতিবাদী গান আর স্লোগানে মুখর ছিল পুরো চত্বর।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে কাদের মোল্লার রায় কার্যকর করা হবে, এ ঘোষণায় পর থেকে শাহবাগে জড়ো হন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। কিন্তু ফাঁসি স্থগিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে রাতেই তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘ফাঁসির রায় কার্যকর করা হবে, এই ঘোষণায় আনন্দে আমরা শাহবাগ ছুটে এসেছিলাম। কিন্তু সে আশায় গুড়ে বালি। রাতের অন্ধকারে অদৃশ্য শক্তির ইশারায় রায় স্থগিত করা হয়।’ তিনি রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগেই অবস্থান করার ঘোষণা দেন।
সকাল থেকেই শাহবাগে আসা শুরু করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। লাকী আক্তার, শাম্মি আকতার আর শামীমা সুলতানা দিনভর স্লোগান দিয় উজ্জীবিত রাখেন সমবেত ব্যক্তিদের।
দুপুর পৌনে ১২টার দিকে মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে নৌপরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শাজাহান খান শাহবাগে গিয়ে একাত্মতা প্রকাশ করেন।
এদিকে গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা শাহবাগে অবস্থান নিয়েছেন।
শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চ অবস্থান নেওয়ার পর মঙ্গলবার রাত ১১টার দিকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে এটি বিস্ফোরিত হয়নি।
এর প্রায় দুই ঘণ্টা পর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে। ওই সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে চারুকলার ফটকের কাছে। বেলা তিনটার দিকে গণজাগরণ মঞ্চের জমায়েতের পাশেই বিস্ফোরিত হয় আরেকটি ককটেল।