‘মুক্তিযুদ্ধের পরে বাহাত্তরে ঢাকায় এসেছিলাম বঙ্গবন্ধুর হাতে অস্ত্র জমা দিতে। মুখ্য সচিব চাকরির প্রস্তাব দিলেন। রাজি হয়ে গেলাম। একদিন মুখ্য সচিবের অফিস থেকে একটি ফাইল নিয়ে বঙ্গবন্ধুর কাছে গেলে তিনি পছন্দ করলেন, হলাম বঙ্গবন্ধুর বাসভবনের ব্যক্তিগত সহকারী। কিশোর বয়সে জীবনের প্রথম চাকরির আনন্দ ছিল বাঁধভাঙা। বৃদ্ধ বয়সে সেই আনন্দ ফিরে ফেলাম বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর দেখে। মাঝখানে কেটে গেল বিষাদময় ৩৪ বছর পর।’ বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের পর এভাবেই নিজের অনুভূতি জানালেন মামলার বাদী এ এফ এম মহিতুল ইসলাম। প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় মহিতুল বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পর লালবাগ থানায় মামলা দায়ের করতে গিয়েছিলাম, পারিনি। পঁচাত্তরে দায়মুক্তি (ইনডেমনিটি) অধ্যাদেশ দিয়ে রুদ্ধ হয় নৃশংসতম এই হত্যাকাণ্ডের বিচারের পথ। ২১ বছর পর সে পথ খুলে যায়। প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে বাঁচলে মামলা করবই, সেটা করেছিলাম। এরপর অপেক্ষায় ছিলাম বিচারের জন্য।’ তিনি বলেন, ‘মামলা দায়েরের পরও বিচার শেষ করতে কেটে যায় আরও ১৩ বছর। তার পরও হাল ছাড়িনি। মনে মনে আল্লাহর কাছে বলতাম, আমি যেন বিচারের রায় কার্যকর দেখে মরতে পারি। সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আমি রায় নিজের চোখে দেখে গেলাম। এখন আমি মরেও শান্তি পাব।’ মহিতুল বলেন, ‘পঁচাত্তরের কালো রাতে চোখের সামনে সবাইকে মরতে দেখেছি। এত দিন সে কষ্ট পাথরের মতো বুকের ভেতরে বিঁধে ছিল। রায় কার্যকরের মাধ্যমে তার অবসান হলো। ৩৪ বছর পরে ভারমুক্ত হলাম।’