‘বারবার টিভিতে বিশ্বজিতের হত্যার দৃশ্য দেখানো হচ্ছে। ছেলের এমন পরিণতি আমি কীভাবে দেখব? পাষণ্ডদের সাজার রায় দেওয়া হয়েছে। দ্রুত এ রায় কার্যকর করা হলে ওর আত্মা শান্তি পাবে। আমরাও
স্বস্তি পাব। যেসব আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি, তাদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়।’
গতকাল বুধবার দুপুরে চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার রায় শোনার পর বিশ্বজিতের মা কল্পনা রানী দাস এভাবে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
গত বছর ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার শাঁখারীবাজারের একটি দর্জির দোকানের কর্মী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বুধবার বিশ্বজিৎ হত্যা মামলার রায় ঘোষণার খবর জানা থাকায় সকাল থেকেই শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা গ্রামের শত শত মানুষ তাঁর বাড়িতে ভিড় করেন। তাঁরা টেলিভিশনের সামনে বসে অধীর
আগ্রহে রায় শোনার অপেক্ষা করছিলেন। অবশেষে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নাজমুল হক আটজনের ফাঁসি ও ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের
রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর বিশ্বজিতের বাবা অলন্ত দাস প্রথম আলোকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রায় হয়েছে, কার্যকর হয় কি না, তা দেখতে এখন অপেক্ষার পালা। রায় কার্যকর হলেই আমরা স্বস্তি পাব।
উচ্চ আদালতেও যাতে অপরাধীদের এই সাজা বহাল থাকে। পাষণ্ডরা নির্দয়ভাবে বিশ্বজিতকে কুপিয়ে হত্যা করেছে। এ দৃশ্য সবাই দেখেছে। তার পরও সব আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
দুপুরে বিশ্বজিতের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মা কল্পনা রানী দাস বারবার মূর্ছা যাচ্ছিলেন। স্বজনেরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। রায় ঘোষণার খবর শুনে বিভিন্ন স্থান থেকে স্বজনেরা তাঁদের
বাড়িতে আসেন। রায় ঘোষণার পর তাঁর বাড়িতে হূদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁর স্বজনেরা ও গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়েন।
বিশ্বজিতের চাচাতো বোন শিখা রানী দাস বলেন, সকাল থেকেই বিশ্বজিতের ব্যবহারের বিভিন্ন জিনিস পরিষ্কার করেন তাঁর মা। ব্যবহার্য জিনিসপত্র ও ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন বিশ্বজিতের মা-বাবা।