রায় কার্যকরে জনগণের সহায়তা চায় আ.লীগ
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ। এ রায় কার্যকরের জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে সহায়তা চাওয়া হয়েছে।রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এই সহযোগিতা চান। আগামীকাল শুক্রবার বিকেলে মুগদায় আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করার পূর্বপ্রস্তুতি হিসেবে এই বর্ধিত সভা করা হয়। ওই জনসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।মাহবুব উল আলম হানিফ বলেন, যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি দেশবাসীর প্রত্যাশা ছিল। এ রায়ে দেশবাসীর সঙ্গে আওয়ামী লীগও সন্তোষ প্রকাশ করছে। বর্তমান সরকারের মেয়াদেই যুদ্ধাপরাধীর রায় কার্যকর শুরু হবে। এ জন্য দেশবাসীর সহায়তা প্রয়োজন। তিনি বলেন, আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামাল আহমেদ মজুমদার প্রমুখ।