রায় কার্যকরের ঘোষণায় পাল্টাপাল্টি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার ঘোষণার খবরে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সোনার মোড় বাজারে জামায়াত ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেছে।
এদিকে গতকাল বুধবার শ্যামনগর বংশীপুর-ভেটখালী সড়ক, জেলার তালা উপজেলা সদর, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের নলতা এলাকায় প্রধান সড়কের ওপর টং দোকান ও কংক্রিটের খুঁটি ফেলে অবরোধ করা হয়। সাতক্ষীরা-ব্যাংক সড়কের দুই জায়গায় কেটে ও সাতক্ষীরা-আশাশুনি সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়।
সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের পারুলিয়া জলিল হ্যাচারির সামনে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় দুটি পত্রিকার কর্মী ফাহাদ হোসেন ও আজহারুল ইসলামকে মারধর করেছেন অবরোধ ও হরতাল-সমর্থকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে শ্যামনগর উপজেলার সোনার মোড় এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিনটি কার্যালয়সহ কয়েকজন আওয়ামী লীগ সমর্থকের দোকানে ভাঙচুর করেন জামায়াতের কর্মীরা।
এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী রাত সাড়ে ১২টার দিকে সোনার মোড়ে এসে জামায়াত-বিএনপির সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালান। এ সময় তাঁরা ছয়টি চালের আড়তে লুটপাট চালান। উভয় পক্ষ অর্ধশতাধিক দোকান ও কার্যালয় ভাঙচুর করে। গতকাল সকালে আওয়ামী লীগের কর্মীরা জামায়াত-শিবির সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানের কিছু চেয়ার-টেবিল এক জায়গায় করে আগুন ধরিয়ে দেন। সাড়ে ১০টার দিকে শতাধিক বিজিবি সদস্য ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন।