রায় ঘোষণা পিছিয়ে ৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়ের আহমেদ
জুবায়ের আহমেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার রায় ঘোষণার ধার্য দিনে কারাগারে আটক সাত আসামিকে নিরাপত্তার কারণে হাজির না করায় আদালত এই নতুন তারিখ ধার্য করেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এই দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাসলিমা ইয়াছমিন জানান, হরতাল থাকায় নিরাপত্তাজনিত কারণে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির না করায় আদালত রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেছেন। গত ২৮ জানুয়ারি যুক্তি উপস্থাপন শেষে গতকাল রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত।
এই মামলার ১৩ জন আসামির মধ্যে কারাগারে থাকা সাতজন হলেন নাজমুল হুসেইন, শফিউল আলম, অভিনন্দন কুণ্ডু, মাহমুদুল হাসান, নাজমুস সাকিব, মাজহারুল ইসলাম ও কামরুজ্জামান। আদালত ২৮ জানুয়ারি তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠান। পলাতক আসামিরা হলেন খন্দকার আশিকুল ইসলাম, খান মোহাম্মদ রইছ, রাশেদুল ইসলাম, ইশতিয়াক মেহবুব, মাহবুব আকরাম ও জাহিদ হাসান। আসামিরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী।
২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে ছাত্রলীগের প্রতিপক্ষের নেতা-কর্মীরা কুপিয়ে জখম করেন। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ জানুয়ারি আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে এই মামলা করে।